আবরার ফাহাদ হত্যা মামলায় ২০ জনের মৃত্যুদণ্ড ৫ জনের যাবজ্জীবন বহাল

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় হাইকোর্ট ২০ জনের মৃত্যুদণ্ড এবং ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখেছেন। রোববার (১৬ মার্চ) সকালে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রায় ঘোষণা করা হয়। বিচারপতি এ কে এম আসাদুজ্জামান রায় পাঠ করে শোনান।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে রয়েছে বুয়েট ছাত্রলীগের শীর্ষ পদে থাকা ২০ জন নেতাকর্মী তাদের মধ্যে আছেন সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেল, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান রবিন, তথ্য ও গবেষণা সম্পাদক অনিক সরকার অপু, সাহিত্য সম্পাদক মনিরুজ্জামান মনির, ক্রীড়া সম্পাদক মেফতাহুল ইসলাম জিয়ন, উপসমাজসেবা সম্পাদক ইফতি মোশাররফ সকাল, সদস্য মুনতাসির আল জেমি, মোজাহিদুর রহমান, হোসেন মোহাম্মদ তোহা, এহতেশামুল রাব্বি তানিম, শামীম বিল্লাহ, মাজেদুর রহমান মাজেদ, খন্দকার তাবাক্কারুল ইসলাম তানভীর, মুহাম্মদ মোর্শেদ-উজ-জামান মণ্ডল জিসান, এস এম নাজমুস সাদাত, মোর্শেদ অমর্ত্য ইসলাম, মিজানুর রহমান, শামছুল আরেফিন রাফাত, মুজতবা রাফিদ এবং এসএম মাহামুদ সেতু।

যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত পাঁচ আসামি হলেন বুয়েট ছাত্রলীগের সহ-সভাপতি মুহতাসিম ফুয়াদ, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ইসতিয়াক আহমেদ মুন্না, আইনবিষয়ক উপসম্পাদক অমিত সাহা, সদস্য আকাশ হোসেন এবং মোয়াজ আবু হোরায়রা।

২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলের ১০১১ নম্বর কক্ষ থেকে ডেকে এনে আবরার ফাহাদকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। ফেসবুকে ভারতবিরোধী স্ট্যাটাস দেওয়ার জেরে এই হত্যাকাণ্ড ঘটেছিল যা দেশের বিভিন্ন জায়গায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। পরদিন আবরারের বাবা বরকত উল্লাহ চকবাজার থানায় একটি মামলা দায়ের করেন যাতে ১৯ জনকে আসামি করা হয়।

২০২১ সালের ৮ ডিসেম্বর ঢাকার বিচারিক আদালত মামলার রায় দেন যেখানে ২০ জনকে মৃত্যুদণ্ড এবং ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।তিন আসামি এহতেশামুল রাব্বি তানিম, মাহমুদুল জিসান এবং মুজতবা রাফিদ মামলার শুরু থেকেই পলাতক ছিলেন। এই রায়ের পর আসামিরা হাইকোর্টে আপিল করেন এবং রাষ্ট্রপক্ষও তাদের মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স আবেদন করে।

এ বছর ১০ ফেব্রুয়ারি হাইকোর্টে এই মামলার আপিল এবং ডেথ রেফারেন্সের শুনানি শুরু হয় এবং ২৪ ফেব্রুয়ারি শুনানি শেষ হয়। দীর্ঘ সময় পর গত রবিবার হাইকোর্ট আসামিদের সাজা বহাল রাখার রায় দেন।

All Categories