৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনে বাধা নেই : আপিল বিভাগ
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নিয়ে হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ বহাল রেখেছেন দেশের সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ আজ বুধবার এ আদেশ দেন।
এ আদেশের ফলে আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন আয়োজনের ক্ষেত্রে আর কোনো আইনগত বাধা থাকল না।
আদালতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট আহসানুল করিম ও ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী এস এম ফরহাদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার ইমরান আবদুল্লাহ সিদ্দিকী।
গত সোমবার হাইকোর্ট ডাকসু নির্বাচন প্রক্রিয়া ও প্রকাশিত চূড়ান্ত প্রার্থী তালিকার কার্যক্রম ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছিলেন। তবে ওই আদেশের প্রায় ৪৫ মিনিট পরই আপিল বিভাগের চেম্বার আদালত স্থগিতাদেশ তুলে নেন এবং বিষয়টি পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠান। আজ শুনানি শেষে পূর্ণাঙ্গ বেঞ্চ হাইকোর্টের আদেশ বহাল রাখেন।
ডাকসু নির্বাচনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা নিয়ে করা এক রিটের প্রাথমিক শুনানির ভিত্তিতেই হাইকোর্ট স্থগিতাদেশ দিয়েছিল। ফরহাদ নিষিদ্ধঘোষিত ছাত্রশিবিরের সঙ্গে সম্পৃক্ত এমন অভিযোগকে ঘিরেই রিট করা হয়।
হাইকোর্ট রিট আবেদনকারীকে ফরহাদের প্রার্থিতা নিয়ে প্রমাণসহ অভিযোগ বিশ্ববিদ্যালয়ের নির্বাচনী ট্রাইব্যুনালে দাখিলের নির্দেশ দেন। একই সঙ্গে ট্রাইব্যুনালকে বিষয়টি তদন্ত করে ২১ অক্টোবরের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়।
এদিকে ডাকসু নির্বাচনে এবার মোট ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে নারী প্রার্থী আছেন ৬২ জন। সদস্য পদে প্রার্থী সবচেয়ে বেশি ২১৭ জন। বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলে ছাত্রদের ভোটে নির্বাচিত হবেন প্রতিনিধি।