৬৬৬ কোটি টাকা করের রায়ের বিরুদ্ধে আপিল করল ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ
অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশনা সম্পর্কিত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করা হয়েছে।
রবিবার (১৮ অক্টোবর) আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় গ্রামীণ কল্যাণের পক্ষ থেকে এ আপিল দায়ের করা হয়।
গত ১০ সেপ্টেম্বর, হাইকোর্ট ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ দেন। বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি রেজাউল করিমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
ড. ইউনূসের পক্ষে আদালতে শুনানি করেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন ও ব্যারিস্টার ফিদা এম কামাল।
১২ অক্টোবর, সংশ্লিষ্ট হাইকোর্ট বেঞ্চের স্বাক্ষরের পর ১৫ ও ৩২ পৃষ্ঠার পৃথক ও পূর্ণাঙ্গ রায় দুটি প্রকাশিত হয়।
জুলাই গণঅভ্যুত্থানের পর ২০২৪ সালের ৪ অক্টোবর, হাইকোর্ট স্বপ্রণোদিতভাবে গ্রামীণ কল্যাণের কাছ থেকে ৬৬৬ কোটি টাকা দেওয়ার রায় প্রত্যাহার করে। বিচারপতি মোহাম্মদ খুরশীদ আলম সরকার ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের বেঞ্চ এ রায় প্রত্যাহার করে। একইসঙ্গে প্রধান বিচারপতির কাছে মামলার নথি পাঠানো হয়।
নতুন বেঞ্চে মামলাটি পুনঃশুনানির জন্য পাঠানো হয়। ২০১২-১৩, ২০১৩-১৪, ২০১৪-১৫, ২০১৫-১৬ ও ২০১৬-১৭ করবর্ষের জন্য গ্রামীণ কল্যাণের কাছে প্রদেয় কর দাবি ঘিরে ২০১৭ সালে পৃথক দুটি রিট দায়ের করা হয়। প্রাথমিক শুনানি শেষে আদালত রায় রুল দেন। নতুন বেঞ্চ রুল খারিজ করে রায় ঘোষণা করেছে।
ফলে রিট খারিজ হওয়ায় আয়কর বাবদ গ্রামীণ কল্যাণের কাছ থেকে ওই অর্থ আদায় করতে পারবে এনবিআর—এমনটাই জানিয়েছেন আইনজীবীরা।