৬ মাসে চাঁদাবাজিতে বিএনপি চ্যাম্পিয়ন: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, এক চাঁদাবাজ সরকারকে তাড়ানোর পর এখন আরেকটি সরকারি দলের লোকজন চাঁদাবাজি করছে। তারা ক্ষমতায় আসার মাত্র ৬ মাসের মধ্যে চাঁদাবাজিতে চ্যাম্পিয়ন হয়ে উঠেছে।

আজ শনিবার বিকেলে ১১ দলীয় ঐক্যজোটের লংমার্চ উপলক্ষে চট্টগ্রামের মিরসরাইয়ে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন। তিনি উল্লেখ করেন, জুলাই আন্দোলনে জনগণের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছিল। মিরসরাই থেকে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের সন্ত্রাসীদের দাদাদের কাছে পাঠিয়ে দেওয়ার জন্য তিনি জনগণকে ধন্যবাদ জানান।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, যাদের পাঠানো হয়েছে, তাদের কিছু অভ্যাস এখনো রয়ে গেছে। ছাত্রলীগ ও যুবলীগের অন্যতম খাসলত ছিল চাঁদাবাজি করা, আর এখন সেই খাসলত নতুন দলের কাছে চলে এসেছে। তারা সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। ক্যাম্পাসে ছাত্রদল ও যুবদল সন্ত্রাসী কার্যক্রম করছে বলেও তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, আমাদের ৯ দফা দাবি ছিল, যা এখন এক দফায় রূপান্তরিত হয়েছে। শেখ হাসিনা উঁকি মারলেও আসতে পারছেন না।

নাসীরুদ্দীন পাটওয়ারী প্রধানমন্ত্রীকে সতর্ক করে বলেন, তারেক রহমানের ছয় দফা দাবি যদি না মেনে নেওয়া হয়, তাহলে এই ছয় দফা দাবি বাংলাদেশে এক দফায় রূপান্তরিত হবে।

All Categories