৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে টানা তৃতীয় দিন উত্তরায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, বিমানবন্দর সড়কে যান চলাচল বন্ধ
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে টানা তৃতীয় দিনের মতো রাজধানীর উত্তরায় সড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকরা।
বুধবার সকালে কয়েকটি কারখানার শ্রমিকরা আজমপুর এলাকায় সড়কে নেমে যান চলাচল বন্ধ করে দেন বলে জানিয়েছেন পুলিশের উত্তরা ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) রুবেল হক।
তিনি বলেন, "পরে শ্রমিকরা বিমানবন্দরের দিকে সরে যান। এখন বিমানবন্দর সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।"
উত্তরা ট্রাফিক বিভাগের উপকমিশনার (ডিসি) শাহজাহান হোসেন জানান, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করাসহ কয়েকটি দাবিতে সোমবার থেকে সড়কে বিক্ষোভ করে আসছেন কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা।
অবরোধের কারণে বিমানবন্দর সড়ক ও আশপাশের এলাকায় তীব্র যানজটে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।