২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ, তিন দিনের মধ্যে শপথ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত ২৯৭ জন সংসদ সদস্যের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরউদ্দিন–এর নেতৃত্বে কমিশনের অনুমোদনের পর সিনিয়র সচিব আখতার আহমেদের স্বাক্ষরে এ গেজেট প্রকাশ করা হয়।

এবারের নির্বাচন ২৯৯টি আসনে অনুষ্ঠিত হলেও গেজেট প্রকাশ হয়েছে ২৯৭টি আসনের। আদালতের নির্দেশনার কারণে চট্টগ্রামের দুটি আসনের ফলাফল পরে ঘোষণা করা হবে। একই সঙ্গে জামায়াতের এক প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত রয়েছে।

ইসি সচিব জানান, বেসরকারি ফল যাচাই–বাছাই শেষে নির্বাচিত সংসদ সদস্যদের নাম ও পরিচয় সংবলিত আনুষ্ঠানিক গেজেট প্রকাশ করা হয়েছে। গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।

সংসদ সচিবালয় সূত্র জানায়, শপথগ্রহণ অনুষ্ঠান ঘিরে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। বৈঠকে প্রোটোকল, নিরাপত্তা ও প্রয়োজনীয় সেবা নিশ্চিত করার বিষয়টি অগ্রাধিকার দেওয়া হয়েছে।

ইসি সূত্রে জানা গেছে, ২০০৮ সালে নিবন্ধন প্রক্রিয়া শুরুর পর এবারই সর্বাধিক রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টিসহ মোট ৫১টি দল প্রতিদ্বন্দ্বিতা করেছে।

নির্বাচনে মোট প্রার্থী ছিলেন ২ হাজার ২৯ জন। এর মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২৭৪ জন। নারী প্রার্থী ছিলেন ৮০ জন। মোট ১১৯টি প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

গত বৃহস্পতিবার সারাদেশে উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও সংবিধান সংস্কার–সংক্রান্ত জাতীয় গণভোট অনুষ্ঠিত হয়। শুক্রবার দুপুরে ইসি ২৯৭টি আসনের চূড়ান্ত ফল ঘোষণা করে।

ইসি সচিব আখতার আহমেদ জানান, সংসদ নির্বাচনে ভোট পড়েছে ৫৯ দশমিক ৪৪ শতাংশ। এ হার ২৯৭টি আসনের প্রাপ্ত ভোটের ভিত্তিতে নির্ধারিত। অন্যদিকে গণভোটে ভোটের হার ৬০ দশমিক ২৬ শতাংশ, যা ২৯৯টি আসনের তথ্য একীভূত করে নির্ধারণ করা হয়েছে।

ইসির তথ্য অনুযায়ী, বিএনপি ২১২টি আসনে জয় পেয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে ৭৭টি আসন। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পেয়েছে ৭টি আসন। স্বতন্ত্র ও অন্যান্য দল বাকি আসনগুলোতে জয়ী হয়েছে।

All Categories