২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্যে বাংলাদেশ

সরকার ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতিকে এক ট্রিলিয়ন ডলারের পর্যায়ে উন্নীত করার পরিকল্পনা গ্রহণ করেছে। এ লক্ষ্যে ঋণ গ্রহণে সজাগ হওয়া, বাজেট শৃঙ্খলা বজায় রাখা এবং টেকসই অর্থায়নে গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

কক্সবাজারে অনুষ্ঠিত দুই দিনের আন্তর্জাতিক ঋণ সম্মেলন বাংলাদেশ ২০২৬ এর উদ্বোধনী অধিবেশনে মন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, ‘‘দেশের অর্থনীতির বড় চ্যালেঞ্জ হচ্ছে ঋণের আসল ও সুদ পরিশোধের ক্রমবর্ধমান বোঝা, রাজস্ব আহরণে দুর্বলতা এবং বাজেটে ব্যয়ের সীমাবদ্ধতা।’’

অর্থমন্ত্রী আরও বলেন, ‘‘আমাদের লক্ষ্য হলো ঋণ গ্রহণ করা প্রতিটি টাকার মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি, উৎপাদনশীলতা এবং জনকল্যাণে কার্যকর অবদান রাখা।’’. তিনি আন্তর্জাতিক পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহের ক্ষেত্রেও দায়িত্বশীল ও টেকসই পথে অর্থায়নের ওপর গুরুত্বারোপ করেন।

সরকার সার্বভৌম সুকুক, গ্রিন ও ব্লু বন্ড এবং মিশ্র অর্থায়নসহ নতুন অর্থায়নের উৎস খোঁজার পরিকল্পনাও করছে জানিয়েছেন মন্ত্রী। ১৫ ও ১৬ নভেম্বর অনুষ্ঠিত এ সম্মেলনের যৌথ আয়োজন করেছে অর্থ বিভাগের পাশাপাশি এশীয় উন্নয়ন ব্যাংক। সম্মেলনের মূল বিষয় ছিল ‘পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে সার্বভৌম ঋণ ব্যবস্থাপনা’।

দেশি-বিদেশি ঋণ বিশেষজ্ঞ, সরকারি কর্মকর্তা ও নীতিনির্ধারকরা এতে অংশগ্রহণ করছেন। শ্রীলঙ্কা, পাকিস্তান, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের ঋণ ব্যবস্থাপনা প্রতিনিধিরাও উপস্থিত রয়েছেন। এডিবি, বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কর্মকর্তারা সম্মেলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

অর্থসচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার সভাপতিত্বে উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তানভীর শাহরিয়ার গনি ও অন্যান্য কর্মকর্তারা বক্তব্য দেন। তানভীর শাহরিয়ার গনি জানান, দেশের ঋণ বহন ক্ষমতা বিবেচনা করে ডলারে ইউরোবন্ড ও সুকুক ইস্যুর সম্ভাবনা যাচাই করা উচিত। তিনি বলেন, ‘‘বাংলাদেশ যদি জেপি মরগ্যানের উদীয়মান বাজার সরকারি বন্ড সূচকে অন্তর্ভুক্ত হয়, তবে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছে সরকারি সিকিউরিটিজের প্রতিচ্ছবি আরও প্রসারিত হবে।’'

অর্থসচিব জানান, সরকার ঋণ গ্রহণ, নগদ অর্থ ব্যবস্থাপনা ও বাজেট পরিকল্পনার মধ্যে সমন্বয় বাড়ানোর জন্য বার্ষিক ঋণ পরিকল্পনা প্রকাশের উদ্যোগ নিয়েছে। বৈশ্বিক বাজারে সুদের হারের ওঠানামা এবং মুদ্রার বিনিময় হার পরিবর্তনের কারণে ঋণ নেওয়া আরও জটিল হয়েছে।

অর্থ বিভাগের অতিরিক্ত সচিব হাসান খালেদ ফয়সাল সম্মেলনে বিষয়বস্তু উপস্থাপন করেন। এডিবির বাংলাদেশ মিশনের কান্ট্রি ডিরেক্টর ছিংফেং ঝাং বলেন, ঋণ পরিশোধের ব্যয় বৃদ্ধি বাংলাদেশের উন্নয়ন ব্যয়ের সুযোগ সংকুচিত করছে এবং অভ্যন্তরীণ ঋণের উপর নির্ভরতা বাড়াচ্ছে।

তিনি আরও বলেন, ‘‘সরকারি ঋণের আরও বিস্তারিত তথ্য প্রকাশ এবং ঋণ গ্রহণ ও বাজেট ব্যবস্থাপনায় সমন্বয় বৃদ্ধির মাধ্যমে সময়মতো ঋণ পরিশোধ নিশ্চিত করতে হবে।’' এডিবির প্রতিনিধি বাজেট ঝুঁকি কমাতে অভ্যন্তরীণ বন্ডবাজার সম্প্রসারণ, প্রকল্প মূল্যায়ন জোরদার এবং সরকারি-বেসরকারি অংশীদারিত্ব প্রকল্প তত্ত্বাবধান বাড়ানোর পরামর্শ দেন।

All Categories