২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলার অর্থনীতিতে উন্নীতকরণে কাজ চলমান: অর্থমন্ত্রী
পরিকল্পিত অর্থনৈতিক সংস্কার ও কার্যকর উদ্যোগের মাধ্যমে ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ শুক্রবার (১০ এপ্রিল) জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী জানান, বৈষম্যহীন আর্থসামাজিক উন্নয়ন ও টেকসই রাষ্ট্রীয় সক্ষমতা অর্জনের লক্ষ্যে সরকার প্রাথমিকভাবে ৫০ লাখ ফ্যামিলি কার্ড বিতরণের উদ্যোগ নিয়েছে। সামাজিক সুরক্ষা জোরদার এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি নিশ্চিত করতে সরকারের বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবেই এই কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।
বাজেট ও উন্নয়ন প্রকল্প নিয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে অর্থমন্ত্রী বলেন, জনগুরুত্বহীন এবং দীর্ঘদিন ধরে চলমান অথচ অর্থায়নবিহীন ‘জম্বি প্রকল্প’ চিহ্নিত করে সেগুলো বাতিলের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অপচয় রোধ ও অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
আমরা এমন একটি অর্থনৈতিক কাঠামো গড়ে তুলতে চাই যেখানে প্রবৃদ্ধি হবে অন্তর্ভুক্তিমূলক। ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রান্তিক মানুষের সুরক্ষা নিশ্চিত করা হবে।সংসদে অর্থমন্ত্রী।
২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন (এক লাখ কোটি) ডলারের জিডিপি অর্জনের লক্ষ্যমাত্রাকে সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে বর্ণনা করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানান, এই লক্ষ্যমাত্রা অর্জনে বেসরকারি খাতের বিকাশ, বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ এবং টেকসই রাষ্ট্রীয় সক্ষমতা বৃদ্ধিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।