১৫০ ছাড়ালেন মুশফিক, বাংলাদেশের চারশ
গল টেস্টের দ্বিতীয় দিনটিও কাটছে বাংলাদেশের নিয়ন্ত্রণে। একপ্রান্তে ব্যাট হাতে যেন অটল পাহাড় হয়ে দাঁড়িয়ে মুশফিকুর রহিম, অন্যপ্রান্তে ছন্দে খেলছেন লিটন দাস। দুই ব্যাটারের দৃঢ়তায় শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় দিন দুপুরে ৪ উইকেটে বাংলাদেশের রান দাঁড়িয়েছে ৪০৩।
১৫৪ রানে অপরাজিত রয়েছেন মুশফিকুর রহিম। লিটন দাস ব্যাট করছেন ৫০ রানে।
টেস্ট ক্যারিয়ারে এটি মুশফিকের সপ্তম ১৫০ ছাড়ানো ইনিংস। শ্রীলঙ্কার বিপক্ষে এর আগে ২০১৩ সালের গলে ও ২০১৭ সালের চট্টগ্রামে করেছিলেন ১৫০ ছোঁয়া ইনিংস। এবার আরও একবার লঙ্কানদের বিপক্ষে সেই মাইলফলকে পৌঁছালেন বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১২২ ওভার শেষ হয়েছে। ওভারের শেষ বলে লিটন দাস বাউন্ডারি মেরে দলের রান চারশর ঘরে নিয়ে যান। সেটির খানিক আগে তুলে নেন নিজের ১৮তম টেস্ট ফিফটি।
এর আগে, প্রথম দিনের শুরুতে ব্যাটিংয়ে নেমে দ্রুত তিন উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। দলীয় ৪৫ রানে ৩ উইকেট হারানো অবস্থায় হাল ধরেন নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। সেখান থেকে গড়েন ২৬৪ রানের দুর্দান্ত জুটি।
প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল ৩ উইকেটে ২৯২ রান। সেঞ্চুরি তুলে নিয়েছিলেন শান্ত ও মুশফিক দুজনই।
দ্বিতীয় দিনের শুরুতে ব্যক্তিগত ১৪৮ রানে থেমেছেন শান্ত। ২৭৯ বলের ইনিংসে ১৫টি চার ও একটি ছক্কা মারেন তিনি। আসিথা ফার্নান্দোর বলে অ্যাঞ্জেলো ম্যাথুসের হাতে ক্যাচ তুলে দিয়ে ফিরলে ভাঙে শান্ত-মুশফিকের জুটি।
এরপর লাঞ্চ পর্যন্ত লিটন দাসকে সঙ্গে নিয়ে মুশফিক যোগ করেন আরও ৯১ রান। লাঞ্চ বিরতির সময় মুশফিক ২৭২ বলে ১৪১ রানে, আর লিটন ৫৭ বলে ৪৩ রানে অপরাজিত ছিলেন।