১২ বছর বিটিভির অনুষ্ঠানে তিশা
দীর্ঘ ১২ বছর পর বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) পর্দায় ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। দীর্ঘদিন নাটক ও সিনেমার কাজ নিয়ে ব্যস্ত থাকায় বিটিভির কোনো অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ হয়নি তাঁর। যদিও এর মধ্যে কয়েকবার প্রস্তাব এসেছিল, তবে সময়ের সমন্বয় না হওয়ায় কাজ করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

ছোটবেলা থেকেই নাচ, গান ও অভিনয়ের প্রতি আগ্রহী ছিলেন তিশা। সময়ের সঙ্গে সঙ্গে অভিনয়কেই পেশা হিসেবে বেছে নেন তিনি। এবারের ঈদে বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দমেলা’-য় অংশগ্রহণের মাধ্যমে দীর্ঘ বিরতির অবসান ঘটাতে চলেছেন তিশা। এ অনুষ্ঠানে তিনটি জনপ্রিয় গানের মেলোডিতে পারফর্ম করবেন তিনি। গানগুলো হলো ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’ ছবির ‘বাহির বলে দূরে থাকুক’, ‘অস্তিত্ব’ ছবির ‘আমি বাংলার হিরো’ এবং চট্টগ্রামের লোকগান ‘মধু হই হই বিষ খাওয়াইলা।

এই বিশেষ পরিবেশনার জন্য তিন দিন ধরে মহড়ায় অংশ নেন তিশা। গত রোববার ছিল মহড়ার শেষ দিন, আর সোমবার বিটিভির মিলনায়তনে স্টুডিও পর্বের দৃশ্যধারণ সম্পন্ন হয়।
ঈদের বিশেষ ‘আনন্দমেলা’ অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন জনপ্রিয় অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা ও চিত্রনায়ক মামনুন ইমন। শুধু তিশার পারফরম্যান্সই নয়, নৃত্য পরিবেশন করবেন আরও দুই জনপ্রিয় তারকা সাদিয়া ইসলাম মৌ ও শবনম বুবলী। সংগীত পরিবেশনায় থাকবেন বরেণ্য কণ্ঠশিল্পী রুনা লায়লা।