“যে দেশে যাওয়ার জন্য ‘ফ্রি প্যালেস্টাইন’ লিখতে পারব না, সেই দেশে যাওয়ার দরকার নেই”
বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ চল্লিশ বছর পূর্ণ করার দুই বছর পর ‘ফোরটি ইয়ার্স লিগ্যাসি কনসার্ট ট্যুর’ আয়োজন করেছিল। গিটার, ড্রামসহ বিভিন্ন বাদ্যযন্ত্র নিয়ে বিশ্বের নানা দেশে সফর করেছেন ব্যান্ডের সদস্যরা।
তবে ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়ে সামাজিক মাধ্যমে প্রকাশিত পোস্টের কারণে আমেরিকা ট্যুর থেকে বাদ পড়েন ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য ও লিড গিটারিস্ট ইব্রাহিম আহমেদ কমল। মার্কিন দূতাবাস তার ভিসা আবেদন বাতিল করে দেয়।কমল ন’ব্বই দশকে পড়াশোনার জন্য আমেরিকায় গিয়েছিলেন। কিন্তু সড়ক দুর্ঘটনায় ছোট ভাই হারানোর পর পুরো পরিবারসহ দেশে ফিরে আসেন এবং এরপর আর কখনো দেশটি যাওয়ার চেষ্টা করেননি। ২০২৪ সালে ব্যান্ডের ইউএস ট্যুরের জন্য তিনি ভিসা আবেদন করলে, দলের অন্যান্য সদস্যরা ভিসা পেলেও তাকে দেওয়া হয়নি।
এ বিষয়ে এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, “২০২৪ সালে ওয়ারফেজের ইউএসএ ট্যুরের জন্য আমি ভিসার আবেদন করি।আমাকে ভিসা রিজেক্ট করা হয়। এতে আমার কোনো অনুশোচনা নেই। আমি যে আমেরিকা দেখে এসেছি, ওই আমেরিকা আর নেই। আমার কাছে আমেরিকা পড়াশোনা করতে যাওয়ার একটি জায়গা ছাড়া নতুন কিছুই নয়।
একুশে পদকপ্রাপ্ত এই ব্যান্ডের লিড গিটারিস্ট আরও জানিয়েছেন, চলতি বছরের গ্রীষ্মে ওয়ারফেজ যুক্তরাষ্ট্র সফরে যাবে। যদিও ভিসা নিয়ে অনিশ্চয়তায় আছেন, তবু তিনি বলেন, “আমার মনে হয় না আমি আমেরিকা যেতে চাই। দরকার নেই আমেরিকায় শো করা। আমি মানবতায় বিশ্বাসী। যে দেশে যাবার জন্য আমি সোশ্যাল মিডিয়াতে ‘ফ্রি প্যালেস্টাইন’ লিখতে পারব না, সেই দেশে যাওয়ার দরকার নেই।
ওই দেশটা আমার জন্য অপয়া।”৪০ বছর পূর্তি উপলক্ষে ‘ওয়ারফেজ’ কানাডায় শো করবে। কমল লিখেছেন, “দেশের মাটিতেই থাকব এবং সত্যকে সত্য বলব। সব সময় বলেছি, আমার সংগীত শুধু বাংলাদেশি এবং বাংলা ভাষাভাষীদের জন্য। কখনো বিশ্বজয়ের ইচ্ছা হয়নি। সত্যকে সত্য বলব।”