যানজটে আটকে থাকা গাড়িতে মোটরসাইকেল আরোহীদের হামলার শিকার হাসনাত: পুলিশ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনা ঘটেছে গাজীপুরে। রোববার সন্ধ্যায় গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ফেরার পথে চান্দনা চৌরাস্তা এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, যানজটে আটকে থাকা অবস্থায় মোটরসাইকেলে করে আসা চার পাঁচজন দুর্বৃত্ত তাঁর গাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ ও লাঠি দিয়ে আঘাত করে। এতে গাড়ির গ্লাস ভেঙে যায় এবং কনুইয়ে আঘাত পান হাসনাত।

গাড়ির চালক মো. দুলাল মিয়া জানান, কৃষি বিশ্ববিদ্যালয়ে ব্যক্তিগত কাজ শেষে ফেরার পথে শুরু থেকেই কয়েকটি মোটরসাইকেল তাঁদের অনুসরণ করছিল। চান্দনা চৌরাস্তা পার হওয়ার পর হামলাটি ঘটে।

গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার জাহিদ হাসান বলেন, হামলায় গাড়ির গ্লাস ও উইন্ডশিল্ড ভেঙে গেছে। আহত অবস্থায় তাঁকে আইইউটি ক্যাম্পাসে আশ্রয় দেওয়া হয় এবং পরে পুলিশি সহায়তায় নিরাপদে ঢাকায় পৌঁছে দেওয়া হয়। হামলার ঘটনায় তদন্ত শুরু হয়েছে।

হামলার খবর ছড়িয়ে পড়ার পর রাতেই এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় বিক্ষোভ মিছিল ও পরে মশাল মিছিল করেন।

ঘটনার বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানতে চাইলে হাসনাত আবদুল্লাহ বলেন, এই মুহূর্তে কিছু বলতে পারছি না, পরে বিস্তারিত জানাব।

এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি। হামলাকারীদের শনাক্ত করতে পুলিশের অভিযান চলছে।

All Categories