ভোটের সামগ্রীর চাহিদা-মজুদ যাচাই চলছে,প্রয়োজনীয় কেনাকাটায় লাগবে ৩-৪ মাস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রয়োজনীয় কাগজ কেনাকাটা ও মুদ্রণকাজ আগামী চার মাসের মধ্যে শেষ করার প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক প্রস্তুতিমূলক সভা শেষে ইসি সচিব মো. আখতার হামিদ সাংবাদিকদের এ তথ্য জানান।

সভায় জাতীয় সংসদ নির্বাচনের জন্য কী পরিমাণ কাগজ লাগবে, তার বাজেট কত হতে পারে এবং কেনাকাটা থেকে শুরু করে মুদ্রণ শেষ করতে কত সময় লাগবে এসব বিষয়ে আলোচনা হয়।

ইসি সচিব বলেন, নির্বাচন প্রস্তুতির ক্ষেত্রে যাতে কোনো দেরি না হয়, সেজন্য আগেভাগেই কাজগুলো সাজিয়ে নেওয়া হচ্ছে। পেপার প্রকিউরমেন্ট থেকে শুরু করে প্রিন্টিং পর্যন্ত সাধারণত ৩-৪ মাস সময় লাগে। সেই অনুযায়ী ব্যাকওয়ার্ড ক্যালকুলেশন ধরে কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।

নির্বাচনের কাজে ব্যবহারের জন্য ২১ ধরনের ফরম, ১৭ ধরনের প্যাকেট, ৫ ধরনের পরিচয়পত্র, আচরণবিধি, প্রতীকের পোস্টার, পরিচালনামানুয়াল, প্রশিক্ষণ ম্যানুয়াল, বিভিন্ন নির্দেশিকা প্রভৃতি ছাপাতে হয় বলে জানান কর্মকর্তারা।

আখতার হামিদ আরও জানান, আগের নির্বাচনে বিজি প্রেসে যেসব কাগজপত্র ছিল, সেগুলোর গুণগত মান ঠিক আছে কি না, তা যাচাই করে প্রয়োজন হলে ডিসপোজালের ব্যবস্থা নেওয়া হবে।

এ লক্ষ্যে নির্বাচন কমিশন একটি কমিটি গঠন করেছে।

ইসি সচিব বলেন, আমরা একটি কমিটি করে দিয়েছি। তারা যাচাই-বাছাই করবে। যেসব কাগজ নষ্ট হয়ে গেছে, তা নির্ধারিত প্রক্রিয়ায় ডিসপোজাল করা হবে। পাশাপাশি কত পরিমাণ কাগজ লাগবে এবং কেনাকাটা ও মুদ্রণে কত সময় লাগবে, সে বিষয়েও তারা প্রস্তুতি নিয়ে রাখবে।

যদি প্রয়োজন হয়, তাহলে চার মাসের মধ্যেই সব ধরনের প্রকিউরমেন্ট শেষ করার মতো ফ্লেক্সিবিলিটি রাখার কথাও ভাবা হচ্ছে।

All Categories