ভিসা সাক্ষাৎকারে মিথ্যা তথ্য দিলে স্থায়ী নিষেধাজ্ঞার ঝুঁকি
যুক্তরাষ্ট্রের ভিসা পেতে সাক্ষাৎকারের সময় মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য প্রদান না করার জন্য আবেদনকারীদের সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ বিষয়ে একটি সতর্কবার্তা প্রকাশ করা হয়।
সতর্কবার্তায় বলা হয়, কনস্যুলার কর্মকর্তারা আবেদনকারীদের অতীতের যেকোনো অভিবাসন আইন লঙ্ঘনের বিষয়ে অবগত থাকেন। তাই ভিসা সাক্ষাৎকারে আবেদনকারীদের সব প্রশ্নের উত্তর সঠিক ও সত্যভাবে দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
দূতাবাসের সতর্কবার্তায় উল্লেখ করা হয়, কোনো তথ্য গোপন করা, বিভ্রান্তিকর তথ্য প্রদান বা জাল নথি উপস্থাপন করলে ভিসা আবেদন বাতিল হতে পারে এবং এর ফলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর দীর্ঘমেয়াদি বা স্থায়ী নিষেধাজ্ঞা আরোপ হতে পারে।
ভিসা আবেদনকারীদের উদ্দেশ্যে দূতাবাসের বার্তা হলো– সাক্ষাৎকারে সত্য তথ্য প্রদান করুন এবং কোনো তথ্য গোপন বা ভুলভাবে উপস্থাপন করবেন না।