ভারতের সতর্কতা: মালয়েশিয়ায় চাকরি খোঁজার বিরুদ্ধে নির্দেশনা

মালয়েশিয়ায় চাকরি খোঁজার জন্য ভারতীয় নাগরিকদের সতর্ক করেছে কুয়ালালামপুরে অবস্থিত ভারতীয় হাইকমিশন। দেশটির ৩০ দিনের ভিসা-মুক্ত সুবিধার অপব্যবহার করে অনেকেই কর্মসংস্থানের চেষ্টা করছেন, যা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে।

ভারতীয় হাইকমিশন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ প্রকাশিত এক সতর্কবার্তায় জানিয়েছে, মালয়েশিয়ার ৩০ দিনের ভিসা-মুক্ত সুবিধাটি শুধুমাত্র পর্যটন ও সামাজিক সফরের জন্য প্রযোজ্য। চাকরি খোঁজার জন্য এই সুবিধার ব্যবহার দেশের অভিবাসন আইনের লঙ্ঘন।

সতর্কবার্তায় বলা হয়েছে, ৩০ দিনের ভিসা-মুক্ত সুবিধা ব্যবহার করে চাকরি খোঁজার ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ভারতীয় হাইকমিশন ট্যুরিস্ট ভিসায় মালয়েশিয়া ভ্রমণকারী ভারতীয়দের কাজ নেওয়া থেকে বিরত থাকার জন্য সতর্ক করেছে। ভূয়া চাকরির আশ্বাসে অসাধু এজেন্টদের মাধ্যমে অনেক ভারতীয় বিভ্রান্ত হচ্ছেন, যা অনিয়মিত বসবাস, অবৈধ অবস্থান, শোষণ, আটক ও আইনি পদক্ষেপের মতো পরিস্থিতি তৈরি করছে।

হাইকমিশন স্পষ্ট করে জানিয়েছে, বৈধ ওয়ার্ক পারমিট অথবা ভ্যালিড ভিসা উইথ রেফারেন্স (ভিডিআর) ছাড়া ভারতীয় নাগরিকদের চাকরির উদ্দেশ্যে মালয়েশিয়া ভ্রমণ করা উচিত নয়।

এছাড়া প্রকৃত পর্যটকদের জন্য মালয়েশিয়ায় পৌঁছানোর পর অভিবাসনসংক্রান্ত জটিলতা এড়াতে কিছু নির্দিষ্ট কাগজপত্র সঙ্গে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। হাইকমিশন জানিয়েছে, পর্যটকদের অবশ্যই নিশ্চিত রিটার্ন টিকিট, হোটেল বুকিংয়ের বৈধ কাগজপত্র, পৌঁছানোর তিন দিন আগে অনলাইনে মালয়েশিয়া ডিজিটাল অ্যারাইভাল কার্ড পূরণের প্রমাণ এবং ন্যূনতম ৬ মাসের মেয়াদসহ পাসপোর্ট সঙ্গে রাখতে হবে।

All Categories