ভারতের আসামে অবৈধ বাংলাদেশি সন্দেহে গ্রেপ্তার ৫০
ভারতের আসাম রাজ্যে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে অন্তত ৫০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ও রোববার রাজ্যের বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতদের আসামের রাজধানী গুয়াহাটি ছাড়াও গোলাঘাট, ধুবরি, বারপেতা ও চাচর জেলা থেকে আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়, রাজ্যে বসবাসকারী অবৈধ ও নথিবিহীন বাংলাদেশিদের শনাক্ত করে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে আসাম সরকার। এ লক্ষ্যে রাজ্যজুড়ে অভিযান চালাচ্ছে পুলিশ।
আসাম পুলিশের এক কর্মকর্তা এনডিটিভিকে বলেন, গ্রেপ্তারকৃতদের আপাতত রূপনগর পুলিশ রিজার্ভে রাখা হয়েছে। তাদের স্বজনরা প্রয়োজনীয় কাগজপত্র জমা দিচ্ছেন, সেগুলো যাচাই করা হচ্ছে।
গ্রেপ্তারদের আত্মীয়দের দাবি, তারা সবাই ভারতের নাগরিক।
এদিকে, শনিবার আসামের মুড়িগাঁও জেলা থেকে আরও ৯ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। আসাম পুলিশের দাবি, তাদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। বর্তমানে তারা গোলপাড়া ডিটেনশন সেন্টারে রয়েছেন।
পুলিশ জানায়, প্রয়োজনীয় দাপ্তরিক প্রক্রিয়া শেষে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে।