উর্দু ডাবিংয়ে পাকিস্তানে মুক্তি পাচ্ছে বাংলাদেশের 'জংলি'

সিয়াম আহমেদ অভিনীত ও এম রাহিম পরিচালিত সিনেমা ‘জংলি’ এবার উর্দু ভাষায় ডাব করে মুক্তি পাচ্ছে পাকিস্তানে। এটি হবে প্রথম কোনো বাংলা সিনেমা, যা সম্পূর্ণভাবে উর্দুতে ডাব করে সে দেশে মুক্তি পাচ্ছে।

সিনেমাটির পরিবেশনার দায়িত্ব নিয়েছে লাহোরভিত্তিক প্রতিষ্ঠান সিনে এন্টারটেইনমেন্ট। প্রতিষ্ঠানটির কর্ণধার আসিফ চৌধুরী হোয়াটসঅ্যাপে ডেইলি স্টারকে বলেন, ‘আমরা শিগগিরই “জংলি” সিনেমাটিকে উর্দুতে ডাব করে পাকিস্তানে মুক্তি দিচ্ছি। এরই মধ্যে বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে আমাদের চুক্তি সম্পন্ন হয়েছে। ডাবিংয়ের কাজ চলছে।

এর আগে শাকিব খানের ‘তুফান’ ও শরিফুল রাজের ‘দেয়ালের দেশ’ পাকিস্তানে মুক্তি পেয়েছিল ইংরেজি সাবটাইটেলসহ। তবে ‘জংলি’ প্রথমবারের মতো কোনো বাংলাদেশি চলচ্চিত্র যা পাকিস্তানি দর্শকদের জন্য পুরোপুরি উর্দুতে রূপান্তর করা হচ্ছে।

চলতি বছরের ঈদুল ফিতরে মুক্তি পাওয়া সিনেমা ‘জংলি’ দেশীয় প্রেক্ষাগৃহে বেশ প্রশংসা কুড়ায় এবং বক্স অফিসে ভালো সাড়া ফেলে। এরপর এটি আমেরিকা ও কানাডার ৪০টি প্রেক্ষাগৃহেও একযোগে মুক্তি পায়। আন্তর্জাতিক বাজারে পরিবেশন করে প্রতিষ্ঠান স্বপ্ন স্কেয়ারক্রো, যারা জানিয়েছে, প্রবাসেও ছবিটি ভালো সাড়া পেয়েছে।

জংলি’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন সিয়াম আহমেদ। শিশু চরিত্র পাখির ভূমিকায় আছেন নৈঋতা। আরও আছেন অভিনেত্রী শবনম বুবলী ও একসময়ের জনপ্রিয় শিশুশিল্পী দিঘী।

সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন প্রিন্স মাহমুদ। গল্প লিখেছেন আজাদ খান, চিত্রনাট্য করেছেন মেহেদী হাসান মুন ও কলকাতার সুকৃতি সাহা।

সিনেমাটি প্রযোজনা করেছে টাইগার মিডিয়া। প্রতিষ্ঠানের কর্ণধার জাহিদ হাসান অভি বলেন, ‘আমাদের সব আনুষ্ঠানিকতা শেষ। এখন ডাবিং চলছে। খুব শিগগিরই পাকিস্তানে মুক্তি পাবে “জংলি”।

All Categories