ট্রাম্পকে ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা দিচ্ছে যুক্তরাষ্ট্র
মার্কিন প্রতিনিধি পরিষদ রাশিয়া থেকে তেল ও গ্যাস কেনা দেশগুলোর ওপর ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের ক্ষমতা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেওয়ার প্রস্তাবসংক্রান্ত একটি বিল এগিয়ে নিতে ভোট দিয়েছে। একই সঙ্গে এই বিলে ইরানের ওপর চলমান নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর প্রস্তাবও রয়েছে।
গত মঙ্গলবার সন্ধ্যায় প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাট দলের দুই আইনপ্রণেতার সমর্থনে বিলটি একটি পদ্ধতিগত বাধা পেরিয়ে যায়। স্থানীয় সময় বুধবার হাউসে বিলটির চূড়ান্ত ভোটাভুটি হয়েছে, যেখানে রাশিয়া নিষেধাজ্ঞা বিলটি এগিয়ে নেওয়ার প্রস্তাবসহ বেশ কয়েকটি আইনগত প্রস্তাব ২১৪-২১১ ভোটে অনুমোদিত হয়। এই ফলাফল হাউসের ডেমোক্র্যাট নেতৃত্বকে অবাক করে।
গত সোমবার হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির র্যাং কিং সদস্য ও ডেমোক্র্যাট কংগ্রেসম্যান গ্রেগরি মিকস এই বিলের বিরোধিতা করে বলেন, এটি প্রেসিডেন্ট ট্রাম্পকে কোনও রকম নিয়ন্ত্রণ ছাড়াই শুল্ক আরোপের একচ্ছত্র ক্ষমতা দেবে।
এর আগে গত মাসে মার্কিন সেনেটে ৮৬-১১ ভোটে বিলটি পাস হয়েছিল। এই আইনের উদ্দেশ্য কেবল রাশিয়ার নেতৃত্ব ও জ্বালানি খাত নয়, বরং মস্কোর তেল সরবরাহে নিষেধাজ্ঞা এড়াতে সহায়তা করা জাহাজগুলোর তথাকথিত ‘শ্যাডো ফ্লিট’-এর ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা। যুক্তরাষ্ট্র বিশ্বাস করে যে রাশিয়ার অপরিশোধিত তেলের বাণিজ্য ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে অর্থ জোগাচ্ছে।
বিলটিতে চীন ও ভারতসহ রাশিয়ার শীর্ষ তেল বাণিজ্য অংশীদারদের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা ট্রাম্পকে দেওয়ার প্রস্তাব রয়েছে। গত ৭ আগস্ট সেনেটে পাস হওয়া সংস্করণে রাশিয়ার বাণিজ্য অংশীদারদের সুনির্দিষ্টভাবে নাম উল্লেখ করা হয়নি, তবে পরিমাণ অনুযায়ী তেল ও গ্যাসের পাঁচটি বৃহত্তম আমদানিকারক দেশের কথা বলা হয়েছে।
ওয়াশিংটনে প্রো-ইউক্রেন গ্রুপগুলোর লবিং কার্যক্রম জোরদার হওয়ার মধ্যে এই ভোটাভুটি অনুষ্ঠিত হচ্ছে। কিয়েভকে ক্রমাগত সমর্থন দেওয়ার জন্য মার্কিন আইনপ্রণেতাদের ওপর চাপ সৃষ্টি করতে আমেরিকান কোয়ালিশন ফর ইউক্রেনের উদ্যোগে ‘ইউক্রেন অ্যাকশন সামিট’ চলছে।
প্রেসিডেন্টের স্বাক্ষরের জন্য পাঠানোর আগে বিলটিকে অবশ্যই প্রতিনিধি পরিষদে পাস হতে হবে। আগামী বৃহস্পতিবার হাউসের প্রারম্ভিক অবকাশ শুরু হওয়ার কথা রয়েছে এবং মধ্যবর্তী নির্বাচনের পর আগামী ৯ নভেম্বর হাউসের কার্যক্রম পুনরায় শুরু হওয়ার কথা রয়েছে।