ট্রাম্পের শুল্ক নীতি পর্যালোচনায় অর্থ উপদেষ্টার নেতৃত্বে বৈঠক শুরু

বাংলাদেশি পণ্যের ওপর অতিরিক্ত ৩৭ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এই সিদ্ধান্তে বাংলাদেশের রপ্তানি খাতে, বিশেষ করে তৈরি পোশাক খাতে বড় ধরনের ধাক্কার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

রপ্তানি পরিস্থিতি পর্যালোচনা এবং পরবর্তী করণীয় নির্ধারণে আজ রোববার বিকেল সাড়ে ৩টায় অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে সরকারের উচ্চপর্যায়ের একটি জরুরি বৈঠক শুরু হয়েছে।

বৈঠকে সভাপতিত্ব করছেন  অর্থনৈতিক উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। এছাড়াও বৈঠকে উপস্থিত রয়েছেন বাণিজ্য উপদেষ্টা, পরিকল্পনা উপদেষ্টা, বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা, প্রধানমন্ত্রীর প্রেস সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান, অর্থ সচিব এবং দেশের খ্যাতনামা অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতারা।

এর আগে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের ওপর গড়ে ১৫ শতাংশ শুল্ক ছিল। নতুন করে আরোপিত ৩৭ শতাংশ শুল্কসহ মোট শুল্ক দাঁড়াবে প্রায় ৫২ শতাংশ। ফলে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের প্রতিযোগিতামূলক অবস্থান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।

বাংলাদেশের মোট রপ্তানির প্রায় ১৮ শতাংশ যুক্তরাষ্ট্রমুখী। তৈরি পোশাক রপ্তানির অন্যতম প্রধান গন্তব্য হওয়ায় এই শুল্ক বৃদ্ধির কারণে ওই খাতে রপ্তানি হ্রাস পাওয়ার শঙ্কা তৈরি হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্প প্রশাসন শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন দেশের ওপরও পাল্টা শুল্ক আরোপ করেছে। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র মূলত নিজেদের অভ্যন্তরীণ শিল্পকে সুরক্ষা দিতে চাচ্ছে।

বৈঠকে কূটনৈতিক উদ্যোগ জোরদার, বিকল্প বাজার অনুসন্ধান, রপ্তানি খাতে প্রণোদনা বৃদ্ধি এবং আন্তর্জাতিক ফোরামে বিষয়টি উত্থাপনের মতো বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা চলছে।

সরকারি সূত্রে জানা গেছে, এই পরিস্থিতি মোকাবিলায় দ্রুত একটি কর্মপরিকল্পনা চূড়ান্ত করার চেষ্টা চলছে।

All Categories