ট্রাম্পের নির্দেশ উপেক্ষা করে গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৭০
গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর সর্বশেষ বিমান হামলায় আরও ৭০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি বোমাবর্ষণ বন্ধের নির্দেশ অগ্রাহ্য করেই শনিবার এই হামলা চালায় ইসরায়েল।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় গাজা সিটির তুফ্ফাহ এলাকা ও আশপাশে চালানো হামলায় এই হতাহতের ঘটনা ঘটে। তুফ্ফাহর একটি বাড়িতে একই পরিবারের ১৭ জন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।
স্থানীয় সূত্র বলছে, নিহতদের মধ্যে তিনজন জাতিসংঘের একটি ত্রাণকেন্দ্রের সামনে খাদ্য সহায়তা পাওয়ার অপেক্ষায় ছিলেন। তারা লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় হামলার শিকার হন।
এর আগে শুক্রবার রাতে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মতি জানায়। এর পরপরই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইসরায়েলকে বোমাবর্ষণ বন্ধের নির্দেশ দেন। তবে সেই নির্দেশ উপেক্ষা করে শনিবারও নির্বিচারে হামলা চালায় ইসরায়েলি বাহিনী।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধের পর থেকে এখন পর্যন্ত ৬৭ হাজার ৭৪ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। পুরো গাজা উপত্যকা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। খাদ্য ও ওষুধের তীব্র সংকটে মানবিক বিপর্যয় চরমে পৌঁছেছে।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় অনাহার ও পুষ্টিহীনতায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। এতে অপুষ্টিজনিত মৃত্যুর সংখ্যা বেড়ে ৪৫৯ জনে দাঁড়িয়েছে, যার মধ্যে ১৫৪ জন শিশু।
ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) সর্বশেষ হামলা নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি। তবে আন্তর্জাতিক মহলে নতুন করে এই হত্যাযজ্ঞের তীব্র নিন্দা জানানো হচ্ছে। জাতিসংঘসহ বিভিন্ন সংস্থা অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান জানিয়েছে