তিন বাহিনীর যৌথ মহড়া বাংলাদেশের সামরিক দক্ষতা প্রমাণ করবে
প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, দেশের তিন সশস্ত্র বাহিনীর যৌথ সামরিক মহড়া আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের সামরিক দক্ষতা তুলে ধরবে। তিনি বলেন, ‘‘বাংলাদেশের সামরিক ইতিহাসে এটি এক নতুন অধ্যায়ের সূচনা। প্রথমবারের মতো তিন বাহিনীর বিশেষ বাহিনীর সমন্বয়ে এই যৌথ মহড়া আয়োজন করা হয়েছে, যা আমার জন্য গর্বের বিষয়।’’ মঙ্গলবার নোয়াখালীর স্বর্ণদ্বীপের ভিউ পয়েন্ট-১-এ তিনি এই মহড়া পরিদর্শন করেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘‘এই মহড়া আন্তর্জাতিক মহলে একটি স্পষ্ট বার্তা পৌঁছে দেবে যে, বাংলাদেশের সশস্ত্র বাহিনী সুসংগঠিত, পেশাদার এবং যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত। এটি দেশের সামরিক ইতিহাসে একটি উল্লেখযোগ্য মাইলফলক। সরকার সামরিক আধুনিকায়নে দৃঢ়প্রতিজ্ঞ এবং এই মহড়াও তারই প্রতিফলন।’’ তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের যৌথ প্রশিক্ষণ পারস্পরিক সমন্বয় ও সক্ষমতা বাড়াবে এবং যেকোনো পরিস্থিতির মোকাবিলায় বাহিনীর প্রস্তুতি আরও মজবুত করবে।
মহড়া পরিদর্শনের সময় সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম এবং পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি উপস্থিত ছিলেন।
এদিন প্রধানমন্ত্রী নিজেই সেনা সাঁজোয়া যান চালিয়ে স্বর্ণদ্বীপের ‘বারো আউলিয়া’ খাল থেকে ‘ভিউ পয়েন্ট-১’ পর্যন্ত আট কিলোমিটার পথ অতিক্রম করেন। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান তার সঙ্গে ছিলেন। প্রধানমন্ত্রীর হেলিকপ্টার ঢাকা থেকে নোয়াখালীর স্বর্ণদ্বীপে অবতরণ করে তাকে অভ্যর্থনা জানান তিন বাহিনীর শীর্ষ কমান্ডাররা।
স্বর্ণদ্বীপে ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’ এর চূড়ান্ত অনুশীলন ও দেশীয় প্রযুক্তিতে তৈরি সামরিক সরঞ্জামের প্রদর্শনীও প্রধানমন্ত্রীর দেখাশোনার মধ্যে ছিল। মহড়ায় সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমান বাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশগ্রহণ করে।
১৯৭৮ সালে বঙ্গোপসাগরের মেঘনা নদীর মোহনায় গড়ে উঠা স্বর্ণদ্বীপ নোয়াখালীর মূল ভূখণ্ড থেকে দশ কিলোমিটার দূরে অবস্থিত। এই দ্বীপটি দীর্ঘদিন নিরাপত্তাহীন ছিল এবং জলদস্যু ও ডাকাতদের অভয়ারণ্য ছিল। ২০১৩ সালে সেনাবাহিনীর সাঁড়াশি অভিযানের মাধ্যমে জলদস্যু ও ডাকাতদের নির্মূল করে দ্বীপটির নিরাপত্তা প্রতিষ্ঠিত হয় এবং সেনাবাহিনী সেখানে স্থায়ীভাবে মোতায়েন হয়। স্বর্ণদ্বীপ বর্তমানে প্রশিক্ষণ ক্ষেত্র হিসেবে ব্যবহৃত হয় এবং সেখানে সেনাবাহিনী ও বিসিসির যৌথ উদ্যোগে বিভিন্ন সামাজিক ও পরিবেশগত উন্নয়নমূলক কার্যক্রম চলছে।