টেকনাফে অপহরণকারীদের সঙ্গে যৌথবাহিনীর গোলাগুলি, গুলিবিদ্ধ ১
কক্সবাজারের টেকনাফে যৌথবাহিনীর সঙ্গে অপহরণকারীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে মোহাম্মদ রফিক (২৭) নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। তিনি অপহরণকারী চক্রের সদস্য বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের পশ্চিম মহেশখালীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন প্রথম আলোকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ওই এলাকায় অপহরণকারী একটি দল অবস্থান করছে। এ খবর পেয়ে যৌথবাহিনীর একটি দল সেখানে অভিযানে যায়।
তিনি বলেন, অভিযানকালে অপহরণকারীরা যৌথবাহিনীকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষায় যৌথবাহিনীও পাল্টা গুলি চালায়। এতে মো. রফিক নামের একজন অপহরণকারী গুলিবিদ্ধ হন।
গুলিবিদ্ধ রফিকের বুকে বাম পাশে গুলি লেগেছে বলে জানান ওসি গিয়াস উদ্দিন। পরে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ জানায়, রফিকের বিরুদ্ধে টেকনাফ থানায় একাধিক অপহরণ ও মুক্তিপণ আদায়ের মামলা রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি ওই এলাকায় অপহরণ চক্রের তৎপরতা বেড়েছে। পাহাড়ি পথ ব্যবহার করে চক্রটি অপহরণ করে মুক্তিপণ আদায় করছে। অপহৃতদের আটকে রাখা হয় দুর্গম গুহায়।
পুলিশ ও প্রশাসন জানিয়েছে, চক্রটি প্রযুক্তি ও আধা-সামরিক কৌশল ব্যবহার করে অভিযানকারীদের চোখ এড়িয়ে চলে। এ কারণে অভিযান পরিচালনা করতে গিয়ে নানা চ্যালেঞ্জের মুখে পড়ছে যৌথবাহিনী।