তারেক রহমান আসবেন,আমাদের নেতৃত্ব দেবেন, পথ দেখাবেন: মির্জা ফখরুল

আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে এবং তার আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে আসবেন—এমন প্রত্যাশার কথা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ রোববার বিকেলে রাজধানীর শাহবাগ চত্বরে জাতীয়তাবাদী ছাত্রদলের আয়োজিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। জুলাই-আগস্টের ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এ সমাবেশের আয়োজন করে ছাত্রদল।

মির্জা ফখরুল বলেন, আমাদের নেতা তারেক সাহেব লন্ডনে বসে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের সঙ্গে আলোচনা করে নির্ধারণ করেছেন, ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। গোটা বাংলাদেশের মানুষ অপেক্ষা করে আছে, বাংলাদেশে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। তার আগে সবাই অপেক্ষা করছে, তারেক রহমান দেশে ফিরে আসবেন, আমাদের নেতৃত্ব দেবেন, আমাদের পথ দেখাবেন।

তরুণ প্রজন্মের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, আমাদের ছাত্রসমাজকে মেধা ও জ্ঞানচর্চায় মনোনিবেশ করতে হবে। মেধা ছাড়া ভবিষ্যৎ গড়া যাবে না। জ্ঞানবিজ্ঞান এবং আধুনিক শিক্ষার চর্চার মধ্য দিয়েই সামনে এগিয়ে যেতে হবে।

বক্তব্যে আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি বলেন, আমাদের পাশের দেশে ভারতবর্ষে ফ্যাসিস্ট হাসিনা আশ্রয় নিয়েছে তার লোকবল নিয়ে। সেখান থেকে মাঝেমধ্যে হুমকি দেওয়া হচ্ছে যে বাংলাদেশে আক্রমণ করা হবে। শুধু তা–ই নয়, এখানে নানা রকম গোলযোগ সৃষ্টিরও চেষ্টা চলছে।

এই পরিস্থিতিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির মহাসচিব। তিনি বলেন, আজকের এই সমাবেশ থেকে আমাদের শপথ নিতে হবে—আর কোনো দিন শেখ হাসিনাকে রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না। কারও কাছে মাথা নত করব না। আমরা আমাদের দেশকে নিজেরাই গড়ে তুলব।

এর আগে বেলা আড়াইটার দিকে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের বক্তব্যের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়। বেলা সোয়া তিনটার দিকে ভার্চ্যুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরপর কোরআন তিলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে শুরু হয় সমাবেশের মূল আনুষ্ঠানিকতা।

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ও আসাদুজ্জামান রিপন, চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব-উন নবী খান সোহেল, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীসহ বিএনপির কেন্দ্রীয় নেতারা।

All Categories