তানজিন তিশার সদস্যপদ স্থগিত, ফেসবুক লাইভে ক্ষোভ প্রকাশ করলেন
অভিনয়শিল্পী সংঘ, বাংলাদেশ, শুটিং সেটে বিরোধ, মারধরের অভিযোগ এবং পাল্টাপাল্টি বক্তব্যের কারণে অভিনেত্রী তানজিন তিশা ও সামিয়া অথৈয়ের সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে। এ সিদ্ধান্তের পর তানজিন তিশা ফেসবুক লাইভে নিজের অবস্থান তুলে ধরেন। প্রায় ২৫ মিনিটের লাইভে তিনি গত আট মাসের বিভিন্ন ঘটনা, শুটিং সেটের বিরোধ এবং সংগঠনের সালিশ বৈঠক নিয়ে আলোচনা করেন।
গত রোববার (৪ অক্টোবর) পৃথক চিঠির মাধ্যমে তানজিন তিশা ও সামিয়া অথৈকে সদস্যপদ স্থগিতের সিদ্ধান্ত জানানো হয়। তবে বিষয়টি গত শুক্রবার (৬ নভেম্বর) রাতে প্রকাশ্যে আসে। সংগঠনটির সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু জানিয়েছেন, দুই অভিনেত্রীর বিরোধ মীমাংসায় একাধিকবার উদ্যোগ নেওয়া হলেও তা সফল হয়নি।
চিঠিতে উল্লেখ করা হয়, গত ৭ জুলাই সদস্যপদ স্থগিতের বিষয়ে দুই অভিনেত্রীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে কেউই নোটিশের জবাব দেননি। পরবর্তীতে কমিটির সুপারিশের ভিত্তিতে কার্যনির্বাহী পরিষদের সভায় তাদের সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।
ফেসবুক লাইভে তিশা বলেন, কাজ করতে গিয়ে সহকর্মীদের সঙ্গে মতবিরোধ হতেই পারে। তবে সেই বিরোধ সামাজিক যোগাযোগমাধ্যম বা গণমাধ্যমে প্রকাশ করে কাউকে হেয় করা উচিত নয়। তিনি বলেন, ‘শাড়িকাণ্ডসহ অনেক কিছু দেখলাম। আজ হোক বা কাল, সবকিছু সবার সামনে আসবে। আমি শুধু সেই দিনের অপেক্ষায় আছি।’
গত মার্চে ‘পুতুলের বিয়ে’ নাটকের শুটিং সেটে সামিয়া অথৈয়ের সঙ্গে বিরোধের প্রসঙ্গও তুলে ধরেন তিশা। তিনি দাবি করেন, সেদিন শুটিং সেটে কী ঘটেছিল, তা উপস্থিত সবাই দেখেছেন। নাটকের দৃশ্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, দৃশ্যটি দেখলেই বোঝা যাবে কে আসলে ইম্প্রোভাইজ করেছেন। নির্যাতনের যে দাবি করা হয়েছে, সেটিও দর্শকেরা বুঝতে পারবেন।
তিশা জানান, ঘটনার পর অভিনয়শিল্পী সংঘের উদ্যোগে দুই পক্ষের বক্তব্য শুনতে প্রায় পাঁচ ঘণ্টা ধরে সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে সংগঠনের জ্যেষ্ঠ ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বৈঠকের আলোচনা ও সিদ্ধান্তের লিখিত নোটিশও তার কাছে রয়েছে বলে জানান তিনি।
সালিশের সিদ্ধান্ত অনুযায়ী, দুই পক্ষকে ক্ষমা চেয়ে বিবৃতি দেওয়ার পাশাপাশি ভিডিও বার্তা পাঠাতে বলা হয়েছিল। তবে অথৈ ভিডিও বার্তা দেননি। বিশেষ কারণে তিনিও তা পাঠাতে পারেননি বলে জানান তিশা।