তামান্নার ফের আইটেম ঝলক

তামান্নার ফের আইটেম ঝলক

আলোচিত আইটেম গানে আবারও পর্দা কাঁপাতে আসছেন বলিউড অভিনেত্রী তামান্না ভাটিয়া। এবার তাঁকে দেখা যাবে ‘রেইড-২’ সিনেমার ‘নাশা’ গানে। সম্প্রতি ছবির ট্রেলার মুক্তি পেয়েছে, যেখানে ‘নাশা’ গানের এক ঝলক দেখা মাত্রই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। মুহূর্তেই ভাইরাল হয়ে ওঠে সেই দৃশ্য।

ট্রেলার মুক্তির আগেই একটি ভিডিও ক্লিপ ঘুরে বেড়াচ্ছে সামাজিক মাধ্যমে। সেখানে সোনালি পোশাকে, খোলা চুলে, ক্যামেরার দিকে পোজ দিতে দেখা যায় তামান্নাকে। পেছনে দাঁড়িয়ে ছিলেন ব্যাকগ্রাউন্ড ড্যান্সাররা। এই সংক্ষিপ্ত ক্লিপেই শুরু হয় তামান্না নিয়ে জোর আলোচনা।

নেটিজেনদের আগ্রহের জেরে নির্মাতারা ঘোষণা দিয়েছেন, আগামীকাল মুক্তি পাবে ‘নাশা’ গানটি। নির্মাতাদের প্রত্যাশা, তামান্নার উপস্থিতি গানটিকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। এমনকি গানটি তাঁর আগের সব হিট গানকে ছাড়িয়ে যাবে বলেও আশা করছেন তাঁরা।

এর আগে ‘জেলার’ ছবির ‘কাভালা’ গানে নজরকাড়া পারফরম্যান্স দিয়ে আলোচনায় আসেন তামান্না। এরপর থেকেই তাঁকে ড্যান্স ডিভা হিসেবে দেখছেন দর্শকরা। এই ধারাবাহিকতায় একের পর এক আইটেম গানে পাওয়া যাচ্ছে তাঁকে ‘আরনমানাই-৪’ ছবির ‘আচাচো’, ‘জয় লাভা কুশা’র ‘সুইং জারা’ এবং আসন্ন ‘স্ত্রী-২’ সিনেমার ‘আজ কি রাত’ গানেও পারফর্ম করেছেন এই অভিনেত্রী।

তামান্নার অনবদ্য নাচ ও উপস্থিতি প্রমাণ করেছে, বড় পর্দায় আইটেম গানে তিনিই এখন নির্মাতাদের পছন্দের প্রথম সারির নাম।

All Categories