শ্যামলীতে ছুরিকাঘাতে যুবক নিহত, গ্রেপ্তার ২

রাজধানীর শ্যামলী এলাকায় রুহুল আমিন (২২) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আলামিন ওরফে বাবু ও রাসেল নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মোহাম্মদপুর থানার উপপরিদর্শক মো. মমিনুল ইসলাম জানান, ভোররাত ৩টার দিকে শ্যামলী এলাকায় আলামিন, রাসেলসহ চার-পাঁচজন রুহুল আমিনকে মারধর ও ছুরিকাঘাত করেন। এ সময় তাঁর কাছে থাকা টাকা নিয়ে যাওয়ারও অভিযোগ রয়েছে। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে পঙ্গু হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

রোববার (৪ অক্টোবর) মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। নিহতের মা আসমা বেগম বাদী হয়ে মামলা করেছেন। গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হয়েছে। রুহুল আমিনের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ; তিনি শ্যামলী এলাকায় ফুটপাতে ভাসমান অবস্থায় থাকতেন।

All Categories