স্বস্তিকাকে ঘিরে সৃজিতের ভাবনা

সৃজিত মুখার্জি পরিচালিত ‘কিলবিল সোসাইটি’ মুক্তির পরই আরও একটি নতুন সিনেমার খবর দিলেন টালিউডের এই গুণী নির্মাতা। ভক্তদের জন্য এবার তিনি নিয়ে আসছেন এক থ্রিলারধর্মী ছবি, যার কেন্দ্রীয় চরিত্রে থাকবেন একজন নারী সিরিয়াল কিলার।

ভারতীয় সংবাদমাধ্যম কলকাতা টিভি কে দেওয়া এক সাক্ষাৎকারে সৃজিত জানান, ব্যতিক্রমধর্মী কাজ করতে বরাবরই আগ্রহী তিনি। নতুন এই থ্রিলার সিনেমাটিও সেই ভাবনারই প্রতিফলন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এবার একটি নারী সিরিয়াল কিলারকে ঘিরে গল্প বলব। আর এই চরিত্রে আমার প্রথম ও একমাত্র পছন্দ স্বস্তিকা।

নারী সিরিয়াল কিলারের ভাবনাটি কীভাবে এলো সে প্রসঙ্গে সৃজিত জানান, স্বস্তিকা বরাবরই তাকে অনুরোধ করে এসেছেন এমন একটি চরিত্রে কাজ করতে। সৃজিত বলেন, ‘স্বস্তিকা প্রায়ই বলত, পুরুষ সিরিয়াল কিলার নিয়ে অনেক ছবি বানিয়েছো, এবার একটা নারী সিরিয়াল কিলার হওয়া উচিত। ওর কথা থেকেই মূলত এই গল্প ভাবা।

স্বস্তিকাকে নিয়ে তাঁর আস্থার কথা জানিয়ে সৃজিত আরও বলেন, ‘স্বস্তিকা একজন প্রতিমা অভিনেত্রী। পরিচালক হিসেবে ওর ওপর আমি পুরোপুরি ভরসা করতে পারি।

বর্তমানে সৃজিত শেষ করেছেন তাঁর নতুন ছবি ‘উইঙ্কল টুইঙ্কল’-এর শুটিং। পাশাপাশি ব্যস্ত রয়েছেন ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবির কাজ নিয়ে। তাই নারী সিরিয়াল কিলার নিয়ে ছবির শুটিং কবে শুরু হবে, সে বিষয়ে এখনই নির্দিষ্ট কিছু জানাননি তিনি। তবে খুব শিগগিরই ছবিটি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে জানা গেছে।

All Categories