শুটিং সেটে দুর্ঘটনার শিকার অভিনেত্রী তটিনী
চট্টগ্রামে একটি নাটকের শুটিং সেটে দুর্ঘটনার শিকার হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। রবিবার (১১ মে) সন্ধ্যায় ‘মন মঞ্জিলে’ নামের একটি নাটকের শুটিং চলাকালীন সেটের একটি লাইট স্ট্যান্ড তার মাথার ওপর পড়ে যায়। সঙ্গে সঙ্গে তাকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
অভিনেত্রীর সহশিল্পী তৌসিফ মাহবুব প্রথম আলোকে বলেন, আমরা ঈদের একটি নাটকের শুটিং করছিলাম। হঠাৎ একটি লাইট স্ট্যান্ড পড়ে গিয়ে তটিনীর মাথায় লাগে। দ্রুত তাঁকে ম্যাক্স হাসপাতালে নেওয়া হয়। এখন তিনি শঙ্কামুক্ত, তবে চিকিৎসকের পরামর্শে পূর্ণ বিশ্রামে আছেন।
হাসপাতালের চিকিৎসকরা জানান, মাথায় আঘাত লাগায় তটিনীকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। আপাতত কথা বলতেও নিষেধ করা হয়েছে তাঁকে।
‘মন মঞ্জিলে’ নাটকটির নির্মাতা হাসিব হোসাইন রাখি। শুটিং চলছিল চট্টগ্রামের লেডিস ক্লাবের পাশের একটি বাংলোতে।
বিজ্ঞাপন দিয়ে মিডিয়াতে কাজ করা শুরু করেন তটিনী। ছোট পর্দায় কয়েকটি নাটক করেই তিনি দর্শক গ্রহণযোগ্যতা অর্জন করেন। তার অভিনীত উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছে ‘বহিরাগত’, ‘সময় সব জানে’, ‘নির্বাসিতা’, ‘সুহাসিনী’, ‘হঠাৎ বৃষ্টি’, ‘সুইট কাপল’, ‘ও আমায় ভালোবাসেনি’, ‘বাঁচিবার হলো তার সাধ’, ‘অবশেষে’, ‘দূরত্ব’, ‘টাকার নেশা’, ‘চাঁটগাইয়া হেডম’, ‘শর্টকাট লাভ স্টোরি’, ‘শেষ ঘুম’, ‘লাস্ট নাইট’, ‘অগ্নিগিরি’ ইত্যাদি।
তটিনীর দ্রুত আরোগ্য কামনা করেছেন নির্মাতা ও সহশিল্পীরা।