শুধু ‘সরি’ বললেই কি ভাঙা সম্পর্ক জোড়া লাগে? মনোবিজ্ঞানীর পরামর্শে আন্তরিক ক্ষমা চাওয়ার চার ধাপ

কাউকে আঘাত দেওয়ার পর ‘সরি’ শব্দটা মুখে আনা খুব সহজ। কিন্তু কেবল এই শব্দেই মনের সব কষ্ট বা অভিমান মুছে যায় না। সম্পর্কের ক্ষত সারাতে হলে নিজের আচরণ অন্যের ওপর কী প্রভাব ফেলেছে তা বুঝতে হয়, ভুলের দায় নিতে হয় এবং পরের দিনগুলোতে বদলে যাওয়ার প্রমাণও দিতে হয়।

যুক্তরাষ্ট্রের ক্লিনিক্যাল মনোবিজ্ঞানী মলি হাওয়েস মনে করেন, আন্তরিকভাবে ক্ষমা চাওয়া এক মুহূর্তের কাজ নয়, বরং ধাপে ধাপে এগোনো একটি প্রক্রিয়া। ‘এ গুড অ্যাপোলজি: ফোর স্টেপস টু মেক থিংস রাইট’ বইয়ে তিনি দীর্ঘ পেশাগত অভিজ্ঞতা থেকে এমন চারটি ধাপের কথা বলেছেন, যা মেনে চললে সম্পর্কের দূরত্ব কমে আস্থা ফিরতে পারে।

ক্ষমা চাওয়া কেন এত কঠিন
নিজের ভুল মেনে নেওয়া অনেকের কাছেই সহজ নয়। আমরা সাধারণত দ্রুত সিদ্ধান্ত নিয়ে ফেলি, আর নিজের আচরণ ঠিক ছিল কি না তা আবার ভেবে দেখতে মানসিক পরিশ্রম লাগে। তা ছাড়া নিজের কাজে অন্যজন কতটা কষ্ট পেয়েছেন, সেটাও সব সময় বোঝা যায় না।

নিজেকে ভালো মানুষ হিসেবে দেখার স্বাভাবিক প্রবণতাও বড় বাধা। ‘আমি তো ভালো মানুষ, আমার কারণে কেউ কষ্ট পেতে পারে না’—এমন ভাবনা থেকে অনেকে আত্মপক্ষ সমর্থনেই ব্যস্ত হয়ে পড়েন। আবার যে পরিবেশে ভুল স্বীকার না করাকে দৃঢ়তার লক্ষণ ভাবা হয়, সেখানে ক্ষমা চাওয়ার মানসিকতা গড়ে ওঠা আরও কঠিন।

প্রথম ধাপ: আগে মন দিয়ে শুনুন
হাওয়েসের পরামর্শ, শুরুতেই ‘সরি’ বলার দরকার নেই। আগে যিনি কষ্ট পেয়েছেন, তার কথা ও অনুভূতি মনোযোগ দিয়ে শুনুন। এ সময় নিজের উদ্দেশ্য ব্যাখ্যা করা বা নিজেকে নির্দোষ প্রমাণের চেষ্টা না করে বোঝার চেষ্টা করুন, আপনার আচরণ তাকে কীভাবে প্রভাবিত করেছে। মাঝপথে থামিয়ে দেওয়া, পাল্টা যুক্তি দেখানো কিংবা তার অনুভূতিকে হালকা করে দেখা থেকে বিরত থাকুন। আমরা প্রায়ই ভাবি কাছের মানুষটির কষ্টের কারণ জানি, অথচ সেই ধারণা অসম্পূর্ণও হতে পারে।

দ্বিতীয় ধাপ: দায় নিজের কাঁধে নিন
শোনার পর নিজের আচরণের দায় স্বীকার করতে হবে। ‘তুমি কষ্ট পেয়ে থাকলে দুঃখিত’ বা ‘তুমি ভুল বুঝেছ বলে দুঃখিত’—এ ধরনের কথায় দায়টা আসলে অন্যের ঘাড়েই চাপানো হয়। তার বদলে ‘আমার আচরণে তুমি কষ্ট পেয়েছ, সে জন্য আমি দুঃখিত’—এভাবে বলাই বেশি দায়িত্বশীল। মনে রাখা দরকার, কাউকে কষ্ট দেওয়া মানেই ইচ্ছা করে অন্যায় করা নয়; ভুল বোঝাবুঝি বা অনিচ্ছাকৃত আচরণেও কেউ আঘাত পেতে পারেন। ক্ষমা চাওয়ার উদ্দেশ্য নিজেকে শাস্তি দেওয়া নয়, সম্পর্ক মেরামতের দায়িত্ব নেওয়া।

তৃতীয় ধাপ: ক্ষতি পূরণের চেষ্টা করুন
শুধু দুঃখ প্রকাশে ক্ষত সারে না, বাস্তব কোনো উদ্যোগও নিতে হয়। ব্যক্তিগত সম্পর্কে এই ক্ষতিপূরণ মানে টাকা বা উপহার নয়; আন্তরিক কোনো উদ্যোগ কিংবা নতুন করে ভালো কিছু অভিজ্ঞতা তৈরি করাই অনেক সময় যথেষ্ট। যেমন, কথা দিয়েও কারও গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে যেতে না পারলে পরে তার সঙ্গে আলাদা করে সময় কাটানো যায়। অতীত বদলানো যায় না, তবে তার রেশ কমিয়ে সম্পর্ককে নতুন করে এগিয়ে নেওয়া যায়।

চতুর্থ ধাপ: একই ভুল আর নয়
শেষ ধাপটি হলো আচরণে স্থায়ী পরিবর্তন আনা। অপরজন ক্ষমা করে দিলে অনেকেই ভাবেন সমস্যা মিটে গেছে, কিন্তু একই ভুল আবার হলে পুরোনো কষ্টও ফিরে আসে। তাই কেবল ‘আর হবে না’ বলাই যথেষ্ট নয়; যে অভ্যাস বা পরিস্থিতি থেকে ভুলটি হয়েছে, সেটি বদলাতে হবে। সময়মতো দায়িত্ব পালন না করাই যদি সমস্যার কারণ হয়, তবে সময় ব্যবস্থাপনা ঠিক করুন; বারবার প্রতিশ্রুতি ভাঙলে নিজের সামর্থ্য বুঝে বাস্তবসম্মত কথা দিন।

ফাটল জোড়ার শিল্প
সম্পর্ক মেরামত বোঝাতে হাওয়েস জাপানি শিল্পধারা ‘কিনৎসুকুরোই’-এর উদাহরণ টেনেছেন, যেখানে ভাঙা মাটির পাত্রের ফাটল সোনালি উপাদানে জোড়া দেওয়া হয়। ভাঙনের দাগ লুকানো হয় না, বরং সেটিই হয়ে ওঠে নতুন সৌন্দর্য। সম্পর্কেও আঘাতের স্মৃতি পুরোপুরি মোছা যায় না, তবে দুজন মিলে অনুভূতি ভাগ করে নিলে, দায় স্বীকার করলে এবং একসঙ্গে চেষ্টা করলে নতুন বোঝাপড়া তৈরি হতে পারে।

ক্ষমা করতেও সময় নিন
ক্ষমা চাওয়ার মতো ক্ষমা করার বেলাতেও তাড়াহুড়া ঠিক নয়। সম্পর্ক দ্রুত স্বাভাবিক করার আশায় অনেকে নিজের কষ্টের কথা পুরোপুরি না বলেই ক্ষমা করে দেন, ফলে আসল সমস্যাটা থেকেই যায়। প্রয়োজনে কিছুটা সময় নিন, পরে কথা বলার সময় ঠিক করুন। ক্ষমা করলেই সঙ্গে সঙ্গে সবকিছু আগের মতো হয়ে যেতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই।

হাওয়েসের মতে, আন্তরিকতা না থাকলে ক্ষমা চাওয়ার কোনো মূল্য নেই। কেবল পরিস্থিতি সামাল দিতে বা অন্যজনকে শান্ত করতে এমন কথা বলা উচিত নয়, যা আপনি মন থেকে বিশ্বাস করেন না।

All Categories