সড়কে ঘুষ নেওয়ার অভিযোগ, ওসিসহ ছয় পুলিশ সদস্য প্রত্যাহার
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সহ ছয় পুলিশ সদস্যকে দায়িত্ব থেকে সরিয়ে কুমিল্লা হাইওয়ে পুলিশের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। সড়কে পণ্যবাহী গাড়ি থামিয়ে অর্থ আদায়ের অভিযোগে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রত্যাহার হওয়া সদস্যরা হলেন ওসি মামুন রহমান, সহকারী উপপরিদর্শক (এএসআই) বিপ্লু বড়ুয়া এবং কনস্টেবল সাহাবুদ্দিন, মস্তু, সাকিবুল ও জহির মিয়া।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চলতি মাসের ৩ জুলাই সিলেট থেকে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান মহাসড়কে থামায় টহলরত পুলিশ সদস্যরা। পরে ভ্যানে ‘অবৈধ পণ্য’ থাকার অভিযোগে চালকের কাছ থেকে ৮০ হাজার টাকা আদায় করা হয়। এ বিষয়ে সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রতিবেদন প্রকাশিত হলে ঘটনা আলোচনায় আসে।
এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার ছয় পুলিশ সদস্যকে দায়িত্ব থেকে সরিয়ে কুমিল্লা হাইওয়ে পুলিশের দপ্তরে সংযুক্ত করা হয়।
খাঁটিহাতা হাইওয়ে থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উপপরিদর্শক (এসআই) মো. সজীব মিয়া বলেন, ‘একটি নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ছয়জনকে প্রত্যাহার করা হয়েছে। এখন আমি ওসি হিসেবে দায়িত্ব পালন করছি।
হাইওয়ে পুলিশের কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার খাইরুল আলম বলেন, ‘অভিযোগ পাওয়ার পরপরই ছয়জনকে সরিয়ে নেওয়া হয়েছে। একজন অতিরিক্ত পুলিশ সুপারকে দিয়ে তদন্ত শুরু হয়েছে। তদন্তে কে কীভাবে জড়িত, তা বের হলে সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, তদন্তের ফলাফলের ভিত্তিতেই অভিযুক্তদের বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।