সরকারি স্লোগানকে ‘হাদিস’ বলার পর পদ হারালেন ডিটিসিএর নির্বাহী পরিচালক মসিউর রহমান
প্রধানমন্ত্রীর একটি স্লোগানকে ‘হাদিস’ বলে বিতর্কিত মন্তব্য করা ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালক (সচিব) মোহাম্মদ মসিউর রহমানকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করে। এর একটিতে মসিউর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়, অন্যটিতে অতিরিক্ত প্রধান প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসানকে ডিটিসিএর নতুন নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়। তবে প্রজ্ঞাপনে তাঁকে সরানোর কারণ উল্লেখ করা হয়নি।
গত রোববার রাজধানীতে ‘এক রুট, এক কোম্পানি’ উদ্যোগের আওতায় ঢাকার ছয়টি রুটে পরীক্ষামূলক বাস চলাচলের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন মসিউর রহমান। সেখানে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা করেন।
বক্তব্যে তিনি বলেন, ‘আমার আগে আমরা, সবার আগে দেশ’—এ কথা কেউ অস্বীকার করতে পারবেন না। ‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানটিকে তিনি ‘হাদিস’ ও ‘শাশ্বত বাণী’ বলে উল্লেখ করেন। তিনি এ-ও স্বীকার করেন, অনেকে তাঁর মন্তব্যকে পরবর্তী পদায়নের আশায় প্রধানমন্ত্রীকে তোষামোদ হিসেবে দেখতে পারেন।
বিতর্কিত ওই মন্তব্যের দুই দিনের মাথায় তাঁকে পদ থেকে সরিয়ে দেওয়া হলো।