সরি, সংস্কার আপনাদের কাজ না: আমীর খসরু
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী অভিযোগ করেছেন যে, অন্তর্বর্তীকালীন সরকারও এখন শেখ হাসিনার ভাষায় কথা বলছে। তিনি বলেন, বর্তমান সরকার নিজেদের দায়িত্ব ভুলে গিয়ে রাজনৈতিক বক্তব্য দিচ্ছে, যা গ্রহণযোগ্য নয়।
শুক্রবার (২৯ মার্চ) চট্টগ্রাম ক্লাবে সংবাদকর্মীদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
আমীর খসরু বলেন,আগে শেখ হাসিনা বলতেন, আমরা উন্নয়ন করছি, বড় বড় প্রকল্প বাস্তবায়ন করছি, তাই নির্বাচন কেন দরকার? এখন অন্তর্বর্তী সরকারও একই কথা বলছে আমরা সংস্কার করছি, অর্থনৈতিক উন্নয়ন করছি। কিন্তু আমরা স্পষ্ট করে বলতে চাই, সংস্কার অন্তর্বর্তী সরকারের কাজ নয়। তাদের মূল দায়িত্ব হলো একটি গ্রহণযোগ্য, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করা।
তিনি বলেন, দেশের জনগণ কোনো অজুহাত গ্রহণ করবে না। জনগণের সাংবিধানিক অধিকার ফিরিয়ে দিতে হলে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে হবে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য জনগণের ভোটাধিকার নিশ্চিত করা জরুরি।
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথে নানা ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, গণতান্ত্রিক শাসনব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা ব্যর্থ করতে নানা ষড়যন্ত্র চলছে। তবে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনাই একমাত্র সমাধান। জনগণের ভোটে নির্বাচিত সরকারই জবাবদিহিমূলক প্রশাসন পরিচালনা করবে এবং জনগণের কল্যাণ নিশ্চিত করবে।
দেশে দীর্ঘদিন ধরে জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে। স্বৈরাচারী শাসনের অবসান হয়েছে, কিন্তু গণতান্ত্রিক শাসন এখনো পুরোপুরি ফিরে আসেনি। জনগণের ভোটের মাধ্যমে নতুন সরকার গঠিত হলেই গণতান্ত্রিক শাসন নিশ্চিত হবে।
বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে মন্তব্য করতে গিয়ে আমীর খসরু বলেন, রাজনীতিতে বড় পরিবর্তন এসেছে। দীর্ঘদিনের স্বৈরাচারী শাসনের অবসান ঘটেছে, ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেছে। এই নতুন বাস্তবতায় রাজনীতিবিদদের পাশাপাশি সাংবাদিকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। সাংবাদিকরা সত্য প্রকাশে অগ্রণী ভূমিকা পালন করলে জনগণ প্রকৃত চিত্র জানতে পারবে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথ সুগম হবে।
দেশে গণতন্ত্র অনুপস্থিত উল্লেখ করে তিনি বলেন, প্রতিদিন জনগণ গণতন্ত্রবিহীন পরিবেশে দিন কাটাচ্ছে। মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। সরকারের সংস্কার পরিকল্পনা নিয়ে যত কথাই বলা হোক না কেন, প্রকৃতপক্ষে সংস্কার করা নির্বাচিত সরকারের কাজ। একটি গণতান্ত্রিক সরকারই দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামোতে প্রয়োজনীয় সংস্কার আনতে পারে।
উক্ত অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন, নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান, নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহসহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।