শ্রীপুরে গুলি করে দুই মিনিটে ৩ কোটি টাকা লুট, গুলিবিদ্ধ এক কর্মী
গাজীপুরের শ্রীপুরে সড়কে প্রাইভেটকারে হামলা করে দুই মিনিটের মধ্যে ডিস্ট্রিবিউটরের প্রায় তিন কোটি টাকা লুট করেছে দুর্বৃত্তরা। ঘটনায় এক কর্মী গুলিবিদ্ধ হয়ে আহত হন।
বৃহস্পতিবার বিকাল সাড়ে চারটার দিকে তিন কর্মী নরসিংদী সদরের ডিস্ট্রিবিউশন শাখা থেকে চার কোটি টাকা নিয়ে প্রাইভেটকারযোগে শ্রীপুরের মাওনার উদ্দেশে রওনা দেন। শ্রীপুর-গোসিঙ্গা আঞ্চলিক সড়কের কর্ণপুর এলাকায় সন্ধ্যা সোয়া ছটায় পেছন থেকে ১০-১২টি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা গাড়িটি ঘিরে ফেলে।
প্রতি বাইকে দুজন করে লোক ছিল। চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র দিয়ে গাড়ির কাচ ভেঙে তারা এলোপাতাড়ি গুলি করে। এতে গাড়ির সামনে বসে থাকা হিমেল আহমেদ গুলিবিদ্ধ হন। পরে কর্মীদের পিটিয়ে গাড়িতে রাখা চার বস্তার মধ্যে তিনটি নিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। প্রতি বস্তায় এক কোটি টাকা ছিল।
পরে আহতদের নিয়ে গাড়ি শ্রীপুর হাসপাতালে পৌঁছায়। সেখানে তিনজনকে চিকিৎসা দেওয়া হয়। হিমেলের অবস্থা গুরুতর দেখে তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জানান, হিমেলের পেটের ডান পাশে গভীর ক্ষত রয়েছে, যা গুলির আঘাত হতে পারে।
শ্রীপুর থানার ওসি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গেলে সেখানে কেউ পাওয়া যায়নি। তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও লুট হওয়া টাকা উদ্ধারে পুলিশ অভিযানে নেমেছে।