সৌদির জেদ্দায় ভবনে আগুন, দোহারের দুই প্রবাসীর মৃত্যু

সৌদি আরবের জেদ্দায় একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় দুই বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার সন্ধ্যার পর জেদ্দা শহরের তামানিন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন হলেন ঢাকার দোহার উপজেলার উত্তর শিমুলিয়া গ্রামের কুদ্দুস মোল্লার ছেলে মহিউল ইসলাম পলাশ এবং অপরজন একই গ্রামের হারুন বেপারীর ছেলে ওবায়দুল ইসলাম। তারা কয়েক বছর আগে কর্মসংস্থানের জন্য সৌদি আরবে গিয়েছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যার পর তামান ইন আখের এলাকার একটি বহুতল ভবনে আগুন লাগে। এ সময় পলাশ ও ওবায়দুল ওই ভবনে ছিলেন। আগুন দ্রুত ভবনের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ায় তারা বের হতে পারেননি।

পরে দমকলকর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং ভবনের ভেতর থেকে পলাশ ও ওবায়দুলের মরদেহ উদ্ধার করেন।

সর্বশেষ তথ্য অনুযায়ী, তাদের মরদেহ জেদ্দার একটি স্থানীয় হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে এবং দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।

All Categories