সৌদি আরবের দুই বিমানবন্দরে হুথিদের হামলা, নিহত ৩, আহত ৩৬
সৌদি আরবের দুটি আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের দাবি করা হামলায় তিনজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যাদের মধ্যে দুজন নারী। আহত হয়েছেন আরও ৩৬ জন। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (জিএসিএ) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।
জিএসিএর বিবৃতি অনুযায়ী, মঙ্গলবার ও বুধবার আলাদা দুটি হামলায় রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং দক্ষিণাঞ্চলের আভা আন্তর্জাতিক বিমানবন্দরকে নিশানা করা হয়।
আভা বিমানবন্দরে হামলায় মরক্কো ও আলজেরিয়ার দুই নারী বাসিন্দা প্রাণ হারান এবং আহত হন আরও ২৮ জন। অন্যদিকে রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হামলায় এক সুদানি নাগরিক নিহত হন; সেখানে পাঁচ সৌদি নাগরিকসহ আটজন আহত হয়েছেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রী ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ক্ষয়ক্ষতি নিরূপণে সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ চলছে।
এদিকে সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালকি জানান, রিয়াদের উত্তরে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করা হয়েছে। পাশাপাশি সৌদি রাজধানীতে হামলায় ব্যবহৃত ইয়েমেনের রাজধানী সানার একটি উৎক্ষেপণ কেন্দ্রও গুঁড়িয়ে দেওয়া হয়েছে।