সোহেল খানের শেষ নাশতার মুহূর্ত স্মরণ করলেন মুকিত জাকারিয়া
বগুড়ায় শুটিং করতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন জনপ্রিয় অভিনেতা সোহেল খান। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছিলেন তিনি, কিন্তু অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সোহেল খান দীর্ঘদিনের বন্ধু ও সহকর্মী ছিলেন অভিনেতা মুকিত জাকারিয়ার। বন্ধু হারানোর শোকে মুকিত সামাজিক যোগাযোগমাধ্যমে সোহেল খানের সঙ্গে কাটানো শেষ সময়ের স্মৃতি শেয়ার করেছেন।
মুকিত জাকারিয়া ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছেন, যেখানে দেখা যায়, শুটিং শেষে তিনি, সোহেল খান ও বলিউড অভিনেতা মুকেশ ঋষি একসঙ্গে নাশতা করছেন। ক্যাপশনে মুকিত লিখেছেন, “আমি, সোহেল খান আর বলিউড অভিনেতা মুকেশ ঋষি। শুটিং শেষে একসঙ্গে নাশতা করছি। আর কোনো দিন সোহেল খানের সঙ্গে দেখা হবে না। ওপারে ভালো থাকবেন ভাই।”
আরেক পোস্টে তিনি জানিয়েছেন, “সকালে একসঙ্গে নাশতা করেছি। মুকেশ ঋষিও আমাদের সঙ্গে ছিলেন। আমি তার পাশে বসেছিলাম। সোহেল ভাই বললেন, আমাকে মুকেশের পাশে বসতে দাও। তারপর মুকেশকে বললেন, আমাকে একটু জড়িয়ে ধরো। কথাগুলো এখন বারবার কানে বাজছে। আজ তো সোহেলের কথা শুনে হাসপাতালে ছুটে গেছে মুকেশ। সে বিশ্বাস করতে পারছে না। আমারও বিশ্বাস হচ্ছে না। তোমাকে ঘুমাইতে দিমু না বইলা বন্ধু আমার আজীবনের জন্য ঘুমাইয়া গেল।”
সোহেল খান ও মুকিত জাকারিয়া ১৪ বছরের বেশি সময় ধরে নাটক, সিনেমা ও বিজ্ঞাপনসহ বিভিন্ন মাধ্যমে একসঙ্গে কাজ করেছেন।
গত ১৯ নভেম্বর থেকে বগুড়ায় ‘নসীব’ সিনেমার শুটিংয়ে অংশ নিচ্ছিলেন সোহেল খান। তার শুটিং শেষ হওয়ার কথা ছিল ২৫ নভেম্বর। মঙ্গলবার সকালে শুটিংয়ের জন্য প্রস্তুত হওয়ার পর হোটেল কক্ষে অসুস্থ অবস্থায় পাওয়া গেলে দ্রুত হাসপাতালে নেওয়া হয়, কিন্তু তিনি মারা যান।
সোহেল খানের চলচ্চিত্র জীবনের শুরু মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় বাংলালিংক মোবাইল অপারেটরের একটি বিজ্ঞাপনচিত্রে। এরপর ফারুকীর ‘৪২০’ ধারাবাহিকে ‘বিশু’ চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পান। তিনি নাটক ও চলচ্চিত্রে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন। তার অভিনীত সিনেমার মধ্যে রয়েছে ‘নয় নম্বর বিপদ সংকেত’ (২০০৭), ‘দারুচিনি দ্বীপ’ (২০০৭), ‘বউয়ের জ্বালা’ (২০০৭), ‘খোঁজ: দ্য সার্চ’ (২০১০), ‘প্রজাপতি’ (২০১১), ‘কমন জেন্ডার’ (২০১২), ‘লাল টিপ’ (২০১২), ‘ইঞ্চি ইঞ্চি প্রেম’ (২০১৩), ‘অনেক সাধের ময়না’ (২০১৪), ‘দেশা: দ্য লিডার’ (২০১৪), ‘পরবাসিনী’ (২০১৭), ‘বীর’ (২০২০), ‘কেমনে কী’ (২০২১) ও ‘শান’ (২০২২)।