মৃত্যুর দুদিন আগে সোহেল খান বলেছিলেন, ‘মানুষ না দেখলে ভাল্লাগে না’
অভিনেতা সোহেল খান সবসময় ছিল হাসিখুশি ও প্রাণবন্ত একজন মানুষ। সিনেমার শুটিং সেটে তার উপস্থিতি থাকলেই আড্ডা জমত, সহকর্মীদের সঙ্গে হাসাহাসি আর মজা চলত অবিরত। কিন্তু দুঃখজনকভাবে, বগুড়ায় ‘নসিব’ সিনেমার শুটিং করতে গিয়ে তিনি চিরবিদায় নিয়েছেন।
মৃত্যুর ঠিক দুদিন আগে বগুড়ায় এক গণমাধ্যমের ভিজ্যুয়াল বিভাগকে সাক্ষাৎকারে সোহেল খান তার জীবন দর্শন, মানুষের সঙ্গে মেশার আগ্রহ, বগুড়ার আতিথেয়তা, খাবার ও ‘নসিব’ সিনেমায় নিজের চরিত্র নিয়ে খোলাখুলি আলোচনা করেছেন। সেখানে তার পরিচিত হাস্যরস এবং সাধারণ জীবন দর্শন ফুটে উঠেছে।
সাক্ষাৎকারে অভিনেতা বলেন, “মানুষ না দেখলে ভাল্লাগে না, মানুষের সাথে কথাবার্তা না বললে ভাল্লাগে না। সব মানুষই নাটক করে। নাটক জগতের লোক তো নাটক করেই, মাছের বাজারে যামু তাও নাটক করে, রিকশায় উঠুম তাও নাটক করে। যেখানেই যাইবেন নাটক ছাড়া কোনো কথা নাই।” তিনি জীবনের চাওয়া-পাওয়ার বিষয়ে জানান, “আমি আমার মনের দিক থেকে অলওয়েজ একই রকম। আমার কোনো চাহিদা নাই। আমার এডা লাগব, অইডা লাগব, বাড়ি লাগব, গাড়ি লাগব, উড়াজাহাজ লাগব।”
শুটিং চলাকালে বগুড়ার মানুষদের আতিথেয়তায় মুগ্ধ হয়েছিলেন তিনি। ঢাকায় ফেরার অপেক্ষায় থাকলেও বগুড়ার সম্পর্কে তার মুগ্ধতা প্রকাশ পায় কথায়, “বগুড়াতে আইসা দেখলাম মানুষগুলো খুবই অতিথিপরায়ণ। খুবই ভালো, ভাল্লাগছে। এখন অপেক্ষায় আছি কখন কোনদিক দিয়া ঢাকা যামু। অই চিন্তা ভাবনার মধ্যে আছি। একটা প্রবাদ আছে, যদি লাগে কহর ছাইড়ো না শহর। আমরা তো শহর ছাইড়া আইয়া পড়ছি। গাঁও গেরামের মইধ্যে। এটা তো বগুড়ার একদম সাইডে।”
বগুড়ার প্রসিদ্ধ দই সম্পর্কে তাঁর মত, “বগুড়ার দই তো সবাই বলে বিখ্যাত। কিন্তু এর মধ্যে চিনি বেশি দেয়। মানুষ এখন এটা পছন্দ করে না। যারা দই বানায় তাদের বুঝা উচিত একটু টক মিষ্টি হলে বোধয় আরও ভালো হতো।”
‘নসিব’ সিনেমায় ছোট একটি চরিত্রে কাজ করলেও পুরো টিমের সঙ্গে কাজ করে ভালো লেগেছিল তার। বিশেষত বলিউড অভিনেতা মুকেশ ঋষির সঙ্গে কাজ করার অভিজ্ঞতা তাকে আনন্দ দিয়েছে। “নসিবে আমি হালকা পাতলা ছোট্ট একটা ক্যারেক্টার পাইছি। টিমের সবাই খুবই ভালো। সবচেয়ে ভালো ফিল করতেছি মুকেশ নামের তামিল ভদ্রলোক আসছে। এই ছবির ভিলেন তিনি। তার সঙ্গেই কাজ করতেছি। মুকিত জাকারিয়া তার লেফট হ্যান্ড আমি হচ্ছি রাইট হ্যান্ড।” তিনি বলেন।
ব্যক্তিগত জীবন নিয়েও কথা বলতে গিয়ে সোহেল খান জানান, “আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার একটা ছেলে একটা মেয়ে। আই অ্যাম ভেরি হ্যাপি ম্যান।”