সমুদ্রের তলদেশে অবস্থিত ভানুয়াতুর বিশেষ ডাকঘর
চিঠি পাঠানোর জন্য সাধারণত আমরা ডাকঘরে যেতাম এবং ডাকবাক্সে খামে ভরা চিঠি ফেলতাম। তবে প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র ভানুয়াতুর হাইডঅ্যাওয়ে আইল্যান্ডে এমন একটি ডাকঘর আছে, যেখানে চিঠি পাঠাতে হলে পানির গভীরে নামতে হয়।
২০০৩ সালের মে মাসে চালু হওয়া ‘আন্ডারওয়াটার পোস্ট অফিস’ সমুদ্রের প্রায় তিন মিটার নিচে অবস্থিত। ভানুয়াতুর ডাক বিভাগ এটিকে বিশ্বের একমাত্র পানির তলদেশের ডাকঘর হিসেবে ঘোষণা করেছে।
এই ডাকঘরে চিঠি পাঠানোর নিয়মও অন্যরকম। এখানে সাধারণ কাগজে লেখা চিঠি গ্রহণযোগ্য নয়, পর্যটকদের অবশ্যই বিশেষ জলরোধী পোস্টকার্ড কিনতে হয়। এরপর স্নরকেলিং সরঞ্জাম পরিধান করে পানির নিচে নামতে হয় এবং নির্দিষ্ট ডাকবাক্সে পোস্টকার্ডটি জমা দিতে হয়।
ডাকটিকিট সিল করার জন্য সাধারণ কালি ব্যবহার করা যায় না, কারণ তা পানিতে ছড়িয়ে যেতে পারে। তাই একটি বিশেষ এমবসিং যন্ত্রের মাধ্যমে পোস্টকার্ডে স্থায়ী ছাপ দেওয়া হয়। তারপরে সেগুলো সংগ্রহ করে সাধারণ ডাকব্যবস্থার মাধ্যমে গন্তব্যে পাঠানো হয়।
যারা সাঁতার জানেন না বা পানির নিচে নামতে পারেন না, তাদের জন্য দ্বীপের কর্মীরা সহায়তা করেন যাতে তারা পানির তলদেশের এই ডাকঘরের মাধ্যমে পোস্টকার্ড পাঠাতে পারেন।
এই ডাকঘরের কর্মীরা পানির নিচে নামেই তাদের দায়িত্ব পালন করেন। নির্দিষ্ট সময়ে তারা সেখানে উপস্থিত থাকেন এবং ডাকঘর খোলা থাকলে পানির ওপরে একটি পতাকা উত্তোলন করা হয়, যা দেখে পর্যটকরা পোস্টকার্ড জমা দেওয়ার সময় বুঝতে পারেন।
প্রথম সময় চারজন প্রশিক্ষণপ্রাপ্ত ডুবুরি ডাককর্মী পালাক্রমে দায়িত্ব পালন করতেন। ২০১৭ সালে স্মিথসোনিয়ান ম্যাগাজিনে প্রকাশিত এক প্রতিবেদনে ডাককর্মী ভিরা তিমবাচির অভিজ্ঞতার কথা উল্লেখ করা হয়।
ভানুয়াতু ৮৩টি দ্বীপ নিয়ে গঠিত এক দেশ, যেখানে মানুষের জীবনযাত্রা ও সংস্কৃতির সঙ্গে সমুদ্রের ঘনিষ্ঠ সম্পর্ক বিরাজ করে। স্বচ্ছ নীল জল, প্রবালপ্রাচীর ও সামুদ্রিক প্রাণী দেশটিকে পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তোলে, আর পানির তলদেশের এই ডাকঘর সেই অভিজ্ঞতাকে আরও বিশেষ করে।