মৌলভীবাজার সরকারি কলেজে বৃষ্টির মাঝেও নবান্ন উৎসবের ধামাইল নাচ

মৌলভীবাজার সরকারি কলেজে বাংলা বিভাগের উদ্যোগে ১৪৩৩ সালের নবান্ন উৎসব উদযাপিত হয়েছে। বৃষ্টিস্নাত ক্যাম্পাসে শিক্ষক-শিক্ষার্থীসহ সকলেই নৃত্য, গান ও আবৃত্তির মাধ্যমে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেন।

দুই পর্বে ভাগ করে পরিচালিত অনুষ্ঠানের প্রথম ভাগে বাংলা বিভাগের সাহিত্য ক্লাব ‘প্রতিযোগ সৃজন’ উদ্বোধন করা হয়। নবান্ন উৎসবের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে গ্রামবাংলার ঐতিহ্য ফুটে ওঠে।

কলেজের অধ্যক্ষ অধ্যাপক মনছুর আলমগীর উদ্বোধন করেন এবং প্রধান অতিথির বক্তব্যে বাংলা বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের এই আয়োজনের প্রশংসা করেন। বাংলা বিভাগের প্রধান মো. আব্দুল হালিম সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত অধ্যাপক আব্দুল মালিক, অধ্যাপক সত্যজিৎ দেব, অধ্যাপক বনশ্রী চন্দ ও শিক্ষক পরিষদের সম্পাদক তারিকুজ্জামান ভূঁইয়া।

উৎসব চলাকালে ছয়টি ভিন্নধর্মী স্টলে পল্লী সংস্কৃতির নানা উপকরণ, পিঠাপুলি, মেহেদি পরানোর ব্যবস্থা ছিল। ‘মৃত্তিকা’ স্টলে নারীদের হাতের তৈরি অলংকার, ‘বিচিত্রা’ ও ‘নবান্নের পিঠালয়’ স্টলে বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী পিঠার আয়োজন ছিল। দর্শনার্থীরা এই সব স্টলে ব্যাপক আগ্রহ দেখান।

মুক্তমঞ্চে গান, আবৃত্তি ও নৃত্যের মধ্য দিয়ে গ্রামীণ সংস্কৃতির নানা রূপ তুলে ধরা হয়। সারাদিনের বৃষ্টির পরও উৎসবে মানুষের উপস্থিতি ও অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।

বিশেষ আকর্ষণ ছিল সিলেট অঞ্চলের ধামাইল নৃত্য, যা কবি রাধারমনের গান ‘আমি রবো না রবো না গৃহে, বন্ধু বিনে প্রাণ বাঁচে না’ তালের সঙ্গে পরিবেশিত হয়। শিক্ষার্থীরা এবং শিক্ষকরা একসঙ্গে অংশগ্রহণ করে উৎসবের আনন্দ বাড়িয়ে তোলেন।

এই নবান্ন উৎসব বাংলা লোকসাহিত্য ও গ্রামীণ সংস্কৃতির ঐতিহ্যকে নতুন করে স্মরণ করিয়ে দিয়েছে।

All Categories