শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে পারবেন না: প্রধান উপদেষ্টাকে মোদি
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে এক বৈঠকে তিনি শেখ হাসিনাকে 'চুপ' রাখতে বলেছিলেন। তবে জবাবে মোদি জানিয়েছিলেন, এটি সম্ভব নয়। কারণ ভারতে সামাজিক যোগাযোগমাধ্যম সবার জন্য উন্মুক্ত এবং সেখানে ব্যক্তিগত মত প্রকাশ নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।
রোববার প্রকাশিত ওই সাক্ষাৎকারে আল জাজিরার সাংবাদিক নিয়েভ বার্কার ড. ইউনূসের কাছে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও শেখ হাসিনার ভূমিকা নিয়ে নানা প্রশ্ন করেন।
ড. ইউনূস বলেন, সম্প্রতি ব্যাংককে বিমসটেক সম্মেলনের সময় তাঁর সঙ্গে মোদির একান্ত বৈঠক হয়। সেখানে তিনি উল্লেখ করেন, ভারতের মাটিতে অবস্থানকালে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রকাশ্য বক্তব্য কিছুটা সংযত হওয়া উচিত, যাতে বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি আরও স্থিতিশীল থাকে।
ড. ইউনূস আরও জানান, তাঁর অনুরোধের জবাবে মোদি বলেন, “ভারত একটি গণতান্ত্রিক দেশ, যেখানে মত প্রকাশের স্বাধীনতা সংবিধানিক অধিকার। সামাজিক যোগাযোগমাধ্যম সবার জন্য উন্মুক্ত, এবং এখানে সরকারের পক্ষ থেকে কারও বক্তব্য নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।
সাক্ষাৎকারে ড. ইউনূস বলেন, শেখ হাসিনা এখনো নিজেকে বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী হিসেবে দাবি করছেন এবং তাঁর বক্তব্য বাংলাদেশের রাজনীতিতে প্রত্যক্ষ প্রভাব ফেলছে।