সীমান্তবর্তী জেলার পুলিশ সুপারদের সতর্ক থাকার নির্দেশ আইজিপির
ভারত–পাকিস্তান সীমান্তে উত্তেজনার প্রেক্ষাপটে দেশের নিরাপত্তা নিশ্চিত করতে সীমান্তবর্তী জেলাগুলোর পুলিশ সুপারদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।
বুধবার বিকেলে রাজধানীর গুলশানে বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশনে বার্ষিক শুটিং প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এ নির্দেশনার কথা জানান আইজিপি।
তিনি বলেন, ভারত–পাকিস্তান যুদ্ধ পরিস্থিতির কারণে বাংলাদেশ যেন কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকিতে না পড়ে, তা নিশ্চিত করতে বলা হয়েছে। জঙ্গি বা সন্ত্রাসী যাতে সীমান্ত পেরিয়ে দেশে প্রবেশ করতে না পারে, সে বিষয়েও নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ ক্লাবের সভাপতি ও পিবিআইয়ের অতিরিক্ত আইজিপি মো. মোস্তফা কামালসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা।
এদিকে ভারত–পাকিস্তান পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দুপুরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তেজনাকর পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধানে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছে বাংলাদেশ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরিস্থিতি যেন আরও অবনতি না ঘটে, সে জন্য উভয় দেশকে সংযত থাকার আহ্বান জানাচ্ছে বাংলাদেশ। আমরা আশা করছি, এই অঞ্চলের জনগণের বৃহত্তর কল্যাণের স্বার্থে শান্তি বজায় থাকবে।