সচিবালয়-শাহবাগসহ কয়েকটি এলাকায় মিছিল ও সমাবেশ নিষিদ্ধ
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) রাজধানীর কিছু গুরুত্বপূর্ণ এলাকায় সভাসমাবেশ গণজমায়েত মিছিল এবং শোভাযাত্রা নিষিদ্ধ ঘোষণা করেছে। আজ বৃহস্পতিবার থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।
ডিএমপি সদর দপ্তরের এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে বাংলাদেশ সচিবালয়, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা, হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, শাহবাগ মোড়, কাকরাইল মোড় এবং মিন্টো রোড এলাকায় সব ধরনের সভা, মিছিল, শোভাযাত্রা ও গণজমায়েত নিষিদ্ধ করা হয়েছে।
ডিএমপি কমিশনার শেখ মো. সানা আলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,আইনশৃঙ্খলা রক্ষায় ডিএমপি অধ্যাদেশের ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে আজ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উল্লিখিত এলাকায় যেকোনো ধরনের সভা, সমাবেশ, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ থাকবে।
এ সিদ্ধান্তের মাধ্যমে এইসব এলাকাগুলোতে বর্তমানে কোনো রাজনৈতিক, সামাজিক বা সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করা যাবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপি এই পদক্ষেপ নিয়েছে।
ডিএমপি কর্তৃপক্ষ সাধারণ জনগণ ও সংশ্লিষ্ট সকল সংগঠনের প্রতি অনুরোধ জানিয়েছে যেন তারা এই নিষেধাজ্ঞা মেনে চলেন এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখেন।