সাত জেলায় বিজিবি মোতায়েন, আইনশৃঙ্খলা রক্ষায় ৯৫ প্লাটুন

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, ফরিদপুর, কক্সবাজার ও গোপালগঞ্জে মোট ৯৫ প্লাটুন বিজিবি সদস্যকে দায়িত্ব দেওয়া হয়েছে। এই সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে কাজ করছেন।

মোতায়েনকৃত সদস্যরা গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি স্থাপনা, শিল্প এলাকা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন। তারা বিশৃঙ্খলা, সহিংসতা এবং জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কর্মকাণ্ড প্রতিরোধে কাজ চালিয়ে যাচ্ছেন।

অন্যদিকে, বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল মাঠ পর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণ এবং বাহিনীসমূহের মধ্যে সমন্বয় নিশ্চিত করতে প্রযুক্তি নির্ভর নজরদারি পরিচালনা করছে। ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও অন্যান্য আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে সরাসরি ভিডিও চিত্র সার্বক্ষণিক পর্যবেক্ষিত হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সীমান্ত রক্ষার পাশাপাশি দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবি সদস্যরা পেশাদারিত্ব ও ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করছেন। জনসাধারণের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সতর্কতা নেওয়া হয়েছে।

All Categories