সারজিস আলমের বিরুদ্ধে বিএনপি নেতার মামলা

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার চালানোর অভিযোগে এনসিপির (জাতীয় নাগরিক পার্টি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মামলা হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) বেলা সাড়ে ১১টায় গাজীপুর মহানগরীর বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ বাদী হয়ে গাজীপুর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন।

তানভীর সিরাজ অভিযোগ করেন, অপরাধী চক্রের ভিডিও ধারণ করায় সাংবাদিক তুহিনকে হত্যা করা হয়। কিন্তু সারজিস আলম সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকৃত ঘটনা না জেনে বিএনপিকে জড়িয়ে অপপ্রচার চালান, যা দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে।

তিনি জানান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ইতোমধ্যে ঘটনার সঙ্গে জড়িত আটজনকে গ্রেপ্তার করেছে এবং রাজনৈতিক সংশ্লিষ্টতা পায়নি। তাই দলের নির্দেশনায় মামলাটি করা হয়েছে।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান জানান, বিচারক মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

All Categories