শান্তিরক্ষা মিশনে শীর্ষে বাংলাদেশ, কঙ্গো গেলেন বিমান বাহিনীর ১১১ জন
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনের জন্য ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর উদ্দেশে ঢাকা ছেড়েছে বাংলাদেশ বিমান বাহিনীর ১১১ সদস্যের একটি দল। বুধবার (৪ নভেম্বর) জাতিসংঘের ভাড়া করা ইথিওপিয়ান এয়ারলাইনসের একটি উড়োজাহাজে তারা রওনা হন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, কঙ্গোতে বর্তমানে দায়িত্বে থাকা বিমান বাহিনীর ১৩৫ সদস্যের ইউটিলিটি এভিয়েশন ইউনিট কন্টিনজেন্টকে পর্যায়ক্রমে প্রতিস্থাপনের অংশ হিসেবেই নতুন এই দল পাঠানো হয়েছে। নতুন কন্টিনজেন্টের নেতৃত্বে আছেন এয়ার কমডোর এ টি এম ইরফানুর রহমান।
যাত্রার আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শান্তিরক্ষীদের সাফল্য কামনায় বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত থেকে তাদের বিদায় জানান সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল রুসাদ দীন আছাদসহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এর আগে ১ নভেম্বর বিমান বাহিনী সদর দপ্তরে কঙ্গোগামী সদস্যদের ব্রিফিং দেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।
আইএসপিআর বলছে, কঙ্গোর সংঘাতপ্রবণ পরিস্থিতিতে পেশাদারিত্ব ও দক্ষতার সঙ্গে কাজ করে বাংলাদেশের বিমানসেনারা দেশটির সরকার ও জনগণের আস্থা অর্জন করেছেন। নতুন দলটিও সেই সুনাম ধরে রেখে দায়িত্ব পালন করবে বলে আশা করা হচ্ছে।
জাতিসংঘের বাজেট কাটছাঁট ও ভূরাজনৈতিক পরিবর্তনের কারণে বিশ্বজুড়ে শান্তিরক্ষা কার্যক্রমের পরিসর কমে এলেও শীর্ষ শান্তিরক্ষী প্রেরণকারী দেশগুলোর তালিকায় বাংলাদেশ নিজের অবস্থান ধরে রেখেছে বলেও জানিয়েছে আইএসপিআর। আন্তর্জাতিক অঙ্গনে দেশের সশস্ত্র বাহিনীর গ্রহণযোগ্যতা ও দ্বিপক্ষীয় সামরিক সহযোগিতাও বাড়ছে বলে উল্লেখ করা হয়েছে।