শান্তিপূর্ণ পরিবেশে জাকসুতে ভোটগ্রহণ শুরু

প্রায় ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। বিরতিহীনভাবে চলবে বিকেল ৫টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের ২১টি হলে স্থাপিত ২২৪টি বুথে চলছে এ ভোট। একইসঙ্গে অনুষ্ঠিত হচ্ছে ২১টি আবাসিক হল সংসদের নির্বাচনও।

মোট ভোটার সংখ্যা ১১ হাজার ৭৪৭ জন। কেন্দ্রীয় সংসদের বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭৮ জন প্রার্থী। এর মধ্যে ভিপি পদে ৯ জন, জিএস পদে ৯ জন, যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) পদে ৬ জন এবং যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) পদে লড়ছেন ১০ জন।

গঠনতন্ত্র সংস্কার করে জাকসুর পদ সংখ্যা ১৪ থেকে বাড়িয়ে করা হয়েছে ২৫। এর মধ্যে ছাত্রীদের জন্য রাখা হয়েছে ৬টি সংরক্ষিত পদ। তবে ভিপি পদে কোনো নারী প্রার্থী নেই। জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুইজন নারী। সব মিলিয়ে কেন্দ্রীয় সংসদের প্রার্থীদের মধ্যে নারীর হার ২৫ শতাংশ। হল সংসদ মিলিয়ে এই হার ২৪ দশমিক ৪ শতাংশ।

ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ, আনসার, বিজিবি ছাড়াও সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন রয়েছে। প্রয়োজনে সেনারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করে দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।

ভোট গণনায় ব্যবহার করা হবে বিশেষ ওএমআর মেশিন। তাৎক্ষণিক ফলাফল বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে বড় পর্দায় দেখানো হবে। প্রতি ঘণ্টায় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে আপডেট দেওয়া হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও জনসংযোগ দপ্তরের ফেসবুক পেজেও ফলাফল প্রকাশ করা হবে।

নির্বাচনে বাম, ছাত্রদল, শিবির ও স্বতন্ত্রসহ মোট আটটি প্যানেল অংশ নিচ্ছে। ছাত্রদল সমর্থিত প্যানেলে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন শেখ সাদী হাসান ও জিএস পদে তানজিলা হোসেন বৈশাখী। শিবির সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’-এর ভিপি প্রার্থী আরিফুল্লাহ আদিব ও জিএস প্রার্থী মাজহারুল ইসলাম। বাগাছাস সমর্থিত ‘শিক্ষার্থী ঐক্য ফোরাম’-এর নেতৃত্বে আছেন আরিফুজ্জামান উজ্জ্বল ও আবু তৌহিদ মোহাম্মদ সিয়াম।

স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন’ প্যানেলের ভিপি প্রার্থী আব্দুর রশিদ জিতু ও জিএস প্রার্থী মো. শাকিল আলী। ‘সম্প্রীতির ঐক্য’ প্যানেলে জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন শরণ এহসান। আর ছাত্র ইউনিয়ন–ছাত্রফ্রন্টের যৌথ প্যানেল ‘সংশপ্তক পর্যদে’ জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাহিদুল ইসলাম ঈমন।

দীর্ঘ প্রতীক্ষার পর অনুষ্ঠিত এ নির্বাচনকে শিক্ষার্থীরা গণতান্ত্রিক চর্চা ও নতুন নেতৃত্ব নির্বাচনের সূচনা হিসেবে দেখছেন।

All Categories