সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদের জানাজা আজ সংসদের দক্ষিণ প্লাজায়

বিএনপির কেন্দ্রীয় নেতা ও ঢাকা-৪ আসন থেকে তিনবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৮০ বছর। দীর্ঘদিন ধরে তিনি অসুস্থতায় ভুগছিলেন।

বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, দুপুর দেড়টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দ্বিতীয় জানাজা হবে। পরে বিকেল ৩টায় শ্যামপুর লাল মসজিদে জানাজা শেষে জুরাইন কবরস্থানে বাবার কবরে তাকে দাফন করা হবে।

শ্যামপুর-কদমতলী এলাকায় বিএনপির প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত সালাহউদ্দিন আহমেদ ১৯৯১ সালের পঞ্চম, ১৯৯৬ সালের ফেব্রুয়ারির ষষ্ঠ এবং ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৪ আসন থেকে বিজয়ী হন। দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির বাণিজ্যবিষয়ক সম্পাদকের দায়িত্বও পালন করেছেন তিনি।

তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম), ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল ও চিফ হুইপ নুরুল ইসলাম মনি।

All Categories