রিশাদের ঘূর্ণিতে লাহোরের ক্লাসিকো জয়

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অভিষেকেই আলো ছড়িয়েছেন বাংলাদেশের তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেন। গতকাল (১৫ এপ্রিল) রাতে করাচি কিংসের বিপক্ষে মাত্র ১১ বলের ব্যবধানে ৩টি উইকেট তুলে নিয়ে দল লাহোর কালান্দার্সকে এনে দিয়েছেন ৬৫ রানের দাপুটে জয়।

লাহোরের ইনিংসে ফখর জামানের ৭৬ ও ড্যারিল মিচেলের ৭৫ রানের ঝড়ো ইনিংসে ভর করে স্কোরবোর্ডে ৬ উইকেটে ২০১ রান তোলে দলটি। জবাবে ব্যাট করতে নেমে করাচি কিংস শাহিন আফ্রিদির আগুনঝরা পেস ও রিশাদের ঘূর্ণিজাদুতে মাত্র ১৩৬ রানে গুটিয়ে যায়।

রিশাদের দুর্দান্ত বোলিং পারফরম্যান্সে মুগ্ধ হয়ে ধারাভাষ্য কক্ষে থাকা পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম বলেই ফেলেন, ‘এই ছেলেকে আমার কাছে বাংলাদেশের ভবিষ্যৎ মনে হচ্ছে।’ একই সঙ্গে তিনি প্রশংসা করেন রিশাদের লেগ ব্রেক ও গুগলিরও।

পিএসএলে এটি ছিল রিশাদের দ্বিতীয় ম্যাচ। অভিষেক ম্যাচেই তিনি ৩ উইকেট নিয়ে নজর কাড়েন, কোয়েটা গ্ল্যাডিয়েটর্সকে লাহোর সেদিন হারায় ৭৯ রানে। দুই ম্যাচে ৬ উইকেট নিয়ে এখন পিএসএলের চলতি আসরের যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারি তিনি। কোয়েটার আরেক লেগ স্পিনার আবরার আহমেদও সমান উইকেট পেয়েছেন, তবে ইকোনমি রেট ও বোলিং গড়ে এগিয়ে থাকায় শীর্ষে রয়েছেন রিশাদই। মাথায় উঠেছে শীর্ষ উইকেট শিকারির প্রতীক ‘ফজল মেহমুদ ক্যাপ’।

ম্যাচের ফলাফল সংক্ষেপে:

লাহোর কালান্দার্স: ২০ ওভারে ২০১/৬

(ফখর ৭৬, মিচেল ৭৫, বিলিংস ১৯; হাসান ৪/২৮)

করাচি কিংস: ১৯.১ ওভারে ১৩৬ অলআউট

(খুশদিল ৩৯, হাসান ২৭; রিশাদ ৩/২৬, আফ্রিদি ৩/৩৪, রাজা ২/১৩)

ফল: লাহোর কালান্দার্স ৬৫ রানে জয়ী।

এই জয়ে পয়েন্ট টেবিলের দুই নম্বরে উঠে এসেছে লাহোর কালান্দার্স। সমান দুই ম্যাচে দুই জয় নিয়ে নেট রানরেটের ব্যবধানে শীর্ষে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেড।

All Categories