রাষ্ট্রপতির স্ত্রীও ফ্যামিলি কার্ড পাবেন: প্রতিমন্ত্রী শাহে আলম

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, আগামী ৪ বছরের মধ্যে সবার কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে যাবে। রাষ্ট্রপতির স্ত্রীও ফ্যামিলি কার্ড পাবেন এবং কেউ বাদ যাবে না।

আজ মঙ্গলবার সকালে রংপুরের পীরগঞ্জের বাবনপুর গ্রামে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে তিনি এ কথা বলেন।

শাহে আলম বলেন, আগামী ৪ বছরের মধ্যে কৃষকদের কাছে কৃষক কার্ড পৌঁছে যাবে।

১১ দলীয় ঐক্যের কর্মসূচি সম্পর্কে তিনি বলেন, বাইরের দেশের এজেন্ডা বাস্তবায়নের জন্য অহেতুক ১১ দল এ ধরনের কর্মসূচি নিচ্ছে। তিনি প্রশ্ন করেন, "তেলের সংকট থাকলে লং মার্চ কীভাবে করল ১১ দল; যদি লং মার্চ করে সমস্যা সমাধান হত তাহলে বিএনপি টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত লং মার্চ করত।"

মীর শাহে আলম আরও বলেন, একটি রাজনৈতিক দল বেহেশতের কথা বলে ভোট নিয়েছে, কিন্তু মসজিদ, মাদ্রাসা, ইমাম, মুয়াজ্জিন ও ধর্মীয় শিক্ষকদের নিয়ে চিন্তা করেনি। তাদের নিয়ে চিন্তা করেছেন তারেক রহমান।

তিনি জানান, বর্তমান সরকার সুন্দর সুন্দর কর্মসূচি হাতে নিয়েছে। সেগুলোকে সমর্থন না দিয়ে দেশের পরিস্থিতি অস্বাভাবিক করার চেষ্টা চলছে।

প্রতিমন্ত্রী বলেন, "কোনো অপতৎপরতাই কাজে আসবে না। সরকার তার নিজস্ব গতিতেই চলবে।" এ সময় শহীদ আবু সাঈদের কবর ও বাড়ির সৌন্দর্যবর্ধনের জন্য এক কোটি টাকা দেওয়ার ঘোষণা দেন তিনি।

এ সময় জেলা পরিষদ প্রশাসক ও রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী ডনসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

All Categories