রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন স্থগিত
রাষ্ট্রদ্রোহ মামলায় প্রাক্তন ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। মঙ্গলবার (৬ মে) বিচারপতি মো. রেজাউল হকের একক বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে চিন্ময়ের পক্ষে শুনানি করেন আইনজীবী এম কে রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ।
এর আগে গত সপ্তাহে হাইকোর্ট চিন্ময় কৃষ্ণ দাসকে জামিন দেন। তবে ওই আদেশের কয়েক ঘণ্টার মধ্যেই রাষ্ট্রপক্ষ জামিন স্থগিত চেয়ে আবেদন করে। চেম্বার আদালত জামিন স্থগিত করে শুনানির জন্য নতুন দিন নির্ধারণ করেন। তখন রাষ্ট্রপক্ষ জানায়, চেম্বার বিচারপতি আসামিপক্ষের যুক্তি শোনার পর সিদ্ধান্ত দেবেন।
প্রসঙ্গত, ২০২৩ সালের ২৫ অক্টোবর চট্টগ্রামে সনাতনী সম্প্রদায়ের একটি বড় সমাবেশে নেতৃত্ব দেন চিন্ময় কৃষ্ণ দাস। পরে ৩১ অক্টোবর তাঁর বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়। মামলায় আরও ১৮ জনকে আসামি করা হয়।
গত ২৫ নভেম্বর ঢাকায় গ্রেপ্তার হন চিন্ময়। পরদিন তাঁকে আদালতে হাজির করলে জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়।
চিন্ময়কে কারাগারে পাঠানোর দিন চট্টগ্রাম আদালত চত্বরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সঙ্গে তাঁর অনুসারীদের সংঘর্ষ হয়। এ সময় সরকারি কৌঁসুলি সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করা হয়। এরপর থেকেই কারাগারে রয়েছেন চিন্ময়।
চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত গত ২ জানুয়ারি তাঁর জামিন আবেদন খারিজ করেন। পরে তিনি হাইকোর্টে জামিন আবেদন করেন, যা স্থগিত করা হলো চেম্বার আদালতের আদেশে।